প্রেম ও সম্প্রীতি দিয়ে সকল কূপমন্ডুকতা দূর করার আশাবাদ নিয়ে ১১৪তম নজরুল জয়ন্তী উপলক্ষে দুইদিনের নজরুল সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা। আগামীকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বসছে এই সম্মেলন। সূচনা পর্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নজরুল বিশেষজ্ঞ ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম। দুইদিনের এই উত্সবে ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ৬০ জন প্রবীণ-নবীন শিল্পী অংশ নেবেন। এর মধ্যে ৪০ জন থাকছেন সংস্থার নিজস্ব শিল্পী। উত্সব সাজানো হয়েছে নজরুলের প্রেম, প্রকৃতি ও দেশ পর্যায়ের প্রচলিত-অপ্রচলিত গান, নৃত্যগীতি, আবৃত্তি, রচনাবলী থেকে পাঠ দিয়ে। দলীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যধারা। আবৃত্তি করবেন লায়লা আফরোজ ও শিমুল মুস্তাফা।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্সবের বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থার সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি খালিদ হোসেন, ইয়াকুব আলী খান, যোসেফ কমল রড্রিক্স, লীনা তাপসী খান প্রমুখ। সম্মেলনের সহযোগী গ্রামীণফোন।
চারুবাকের আবৃত্তি সন্ধ্যা
‘কবিতায় বলা, কবিতায় শোনা’ শিরোনামে হয়ে গেল চারুবাকের আবৃত্তি সন্ধ্যা। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে সংগঠনটির মাসিক আবৃত্তি আয়োজনের ৫ম পর্ব অনুষ্ঠিত হলো। প্রতিটি পর্বেই বিষয়ভিত্তিক কবিতা আবৃত্তি করে চারুবাক। তাদের এবারের বিষয় ছিল রবীন্দ্রনাথের কবিতা। চারুবাকের সাধারণ সম্পাদক মু. মাহমুদুল কবিরের শুভেচ্ছা বক্তব্যের পর শুরুতেই বৃন্দ আবৃত্তি পরিবেশন করে সংগঠনের শিল্পীরা। তারা বেছে নেয় রবীন্দ্রনাথের ‘ত্রাণ’ কবিতাটি। এরপর ছিল একক আবৃত্তি। একে একে রবীন্দ্রনাথের ‘প্রশ্ন’, ‘পত্রলেখা’, ‘চরম মূল্য’, ‘লুকোচুরি’, ‘আষাঢ়’, ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’সহ প্রায় ২০টি কবিতা আবৃত্তি করেন ছয়িমা ইসলাম নিঝুম, সুজয় তালুকদার, রুমানা আক্তার, মীর রিফাত জাহান উষা, মো. ইউসুফ হায়দার, জবা রানী মণ্ডল, আফরোজা কণা প্রমুখ। আবৃত্তি শেষে বক্তব্য রাখেন আবৃত্তিকার ও সংগঠক ফয়জুল আলম পাপ্পু।
নিউইয়র্কে ‘বাংলাদেশের ফুল’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী
সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের এস্টোরিয়ায় মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক বাংলা উত্সব ও বইমেলা উপলক্ষে লেখক ও আলোকচিত্রী মোকারম হোসেনের ‘বাংলাদেশের ফুল’ শীর্ষক তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে বাংলাদেশের একবারে নিজস্ব ও মনোমুগ্ধকর ২৫টি ফুলের আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি একেএম আবদুল মোমেন, কবি নির্মলেন্দু গুণ, কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তধারার বিশ্বজিত্ সাহাসহ স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।
উত্সবে আগতরা বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ ফুলের ছবি দেখে মুগ্ধ হন। মোকারম হোসেনের প্রথম এই আলোকচিত্র প্রদর্শনী শেষ হয় ২৬ মে।
