ঘূর্ণিঝড় মহাসেনের রেশ কাটতে না কাটতেই আবারও কয়রায় ঘন্টাব্যাপী ঘূর্ণিঝড়ের আঘাতে ৫টি ইউনিয়নের প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান। ঘরবাড়ি হারিয়ে অনেক অসহায় পরিবারের সদস্যরা অতি বৃষ্টিতে ভিজে নির্ঘুম রাত কাটিয়ে মানবেতর জীবন-যাপন করছে। গত বুধবার গভীর রাতে ঘূর্ণিঝড় তাণ্ডবলীলা চালায় এ জনপদে। অন্যদিকে গত তিনদিনের প্রবল বর্ষণে উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় দেড় হাজার মত্স্য ঘের পানিতে তলিয়ে যায়। এ ছাড়া চলতি মৌসুমের ফসল ডুবে কৃষকদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান এম,এ মান্নান জানান, ঝড়ের আঘাতে তার ইউনিয়নের জোড়শিং ও পাতাখালী গ্রামের ৪০টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। তাছাড়া ৬০টি পরিবারের ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। বীণাপাণি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান জানান, ইউনিয়নের বড়বাড়ী, কাছারী বাড়ি ও কাঠমারচর এলাকায় টর্নেডোর তাণ্ডব লীলায় ২০টি পরিবারের ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
কয়রা উপজেলার নির্বাহী অফিসার মো. শামীম হাসান জানান,ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। টর্নেডোর ক্ষয়-ক্ষতির বিবরণ তুলে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জরুরী ভিত্তিতে সাহায্যের জন্য আবেদন করা হয়েছে।
