চলতি (২০১২-১৩) অর্থবছরে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ শতাংশের কম হবে না বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এমনকি অর্থনীতির সব খাতকে সঠিকভাবে হিসাবের মধ্যে আনতে পারলে তা ৬ দশমিক ৭ থেকে ৬ দশমিক ৮ শতাংশে গিয়ে দাঁড়াতে পারে বলেও তিনি উল্লেখ করেন। গতকাল সচিবালয়ে ইউএই- বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (ইউবিইসিএল) লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাজেট উপলক্ষে প্রকাশিতব্য অর্থনৈতিক সমীক্ষায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রবৃদ্ধির হার ৬ দশমিক শূন্য ৩ শতাংশ হবে বলে প্রাক্কলন করেছে। অর্থমন্ত্রী বলেন, বিবিএস-এর এই হিসাব রক্ষণশীল। এছাড়া এখানে যেসব হিসাব ধরা হয়েছে সেগুলো ৮ মাসের। তাছাড়া এ বছর বোরো, আলু ও ভুট্টার উচ্চফলন হয়েছে। একইসঙ্গে সরকারি খাতে বিনিয়োগ বেড়েছে এক দশমিক ৬ শতাংশ। এসব শুভ লক্ষণ। তবে বাজেট উচ্চাভিলাসী হবে বলে জানান অর্থমন্ত্রী।
