আসন্ন খুলনা সিটি করর্পোরেশন (কেসিসি) নির্বাচনকে সামনে রেখে নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী তত্পরতার আশংকা করা হচ্ছে। নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর সাথে সাথে নগরীতে বহু অচেনা মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। ইতিপূর্বে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন কিংবা জাতীয় নির্বাচনেও একই পরিস্থিতি বিরাজ করতে দেখা গেছে। খুলনা সিটি করর্পোরেশনে ইতিমধ্যে দুই শতাধিক ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নগরীর প্রবেশদ্বারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্ল¬াশী চালানো হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়েছে। তারা সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে টহল দিচ্ছেন। সূত্র জানায়, খুলনা সিটি করর্পোরেশন নির্বাচনের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। নির্বাচনের দিন ভোট কেন্দ্রসহ নগরীতে মোতায়েন করা হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ হাজারেরও বেশি সদস্য। পুলিশ সদস্য, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও র্যাবের ১৪৬টি ভ্রাম্যমাণ টিম শহরে টহল দেবে। ভৈরব নদেও টহল দেবে পুলিশের দু’টি টিম। থাকবে ১৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৪০ হাজার ৫৬৬ জন। এতে সাধারণ ওয়ার্ড রয়েছে ১০টি ও সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ৩১টি।
কেএমপি কমিশনার মো. শফিকুর রহমান জানান, ২৮৮টি ভোট কেন্দ্রের মধ্যে ২০২টি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ এবং ৮৬টিকে সাধারণ কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এসবের চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে। গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৪০ জন করে পুলিশ ও আনসার মোতায়েন করা হবে। এর মধ্যে পুলিশ ১৯ জন, ব্যাটালিয়ন আনসার দুইজন ও ১৯ জন আনসার সদস্য থাকবে। সাধারণ কেন্দ্রে থাকবে ৩২ জন পুলিশ ও আনসার। এর মধ্যে থাকবে পুলিশ ১৪ জন, ব্যাটালিয়ন আনসার ২জন ও আনসার ১৬ জন।
সূত্র আরও জানায়, নির্বাচনের দিন নগরীতে পুলিশের ৯৭টি ভ্রাম্যমাণ টিম থাকবে। তিনটি কেন্দ্রের জন্য একটি ভ্রাম্যমাণ টিম এবং প্রতি টিমে ৬জন পুলিশ সদস্য থাকবে। আর্মড পুলিশ ব্যাটালিয়ানের স্ট্রাইকিং ভ্রাম্যমাণ টিম থাকবে ৩১টি। এছাড়া বিজিবি’র ৯টি স্ট্রাইকিং রিজার্ভ টিম ও পুলিশের ৯টি টিম থাকবে। নদীতে স্পিড বোটে টহল দেবে পুলিশের ২টি টিম। কেএমপি কমিশনার আরো জানান, নির্বাচনের দিন ৬ হাজার ২১৫ জন পুলিশ প্রয়োজন হবে। এতো পুলিশ সদস্য কেএমপিতে নেই। সে কারণে অন্যান্য জেলা থেকে সদস্যদের আনা হবে। আনসার সদস্য মোতায়েন থাকবে প্রায় সমানসংখ্যক। আগের নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে। সুতরাং কোন অপরাধী কিংবা ভাড়াটে সন্ত্রাসীরা নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না বলে পুলিশ সূত্র দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
