ঢাকা-চট্টগ্রাম সড়কের কুমিল্লায় ৬০ কিলোমিটার রাত-দিন যানজট

আপডেট : ৩০ মে ২০১৩, ২২:৫৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ৬০ কিলোমিটার এলাকা জুড়ে রাত-দিন যানজটে যাত্রীদের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বুধবার দিনগত রাত সাড়ে ১২টা থেকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (বৃহস্পতিবার দুপুর আড়াইটা) মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকা থেকে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত যানজট চলছিল। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সেনা নিবাস এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে যানজটের সূত্রপাত ঘটে। রাত সাড়ে ৩টায় মহাসড়কের ঝাগুরঝুলি এলাকায় ট্রাক ও কভার্ডভ্যানের সংঘর্ষে গাড়ির লাইন দীর্ঘ হতে শুরু করে। ৩টি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন আহত হয়। এদিকে ভোর হওয়ার আগেই পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলেও বুধবার হরতাল শেষে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের চাপ বেড়ে যাওয়ায় ওই যানজট তীব্র আকার ধারণ করে।