জাতির ক্রান্তিকালে জিয়া জনগণের পাশে দাঁড়িয়েছিলেন

আপডেট : ৩০ মে ২০১৩, ২২:৫৬
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান বলেছেন, জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমান জনগণের পাশে দাঁড়িয়েছেন। স্বাধীনতা যুদ্ধ ও পঁচাত্তরের পরবর্তী সময়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। ক্ষমতায় থাকাকালে অল্প সময়ের মধ্যে দেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছেন। তিনি আরো বলেন, রাজবন্দীদের ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা নজিরবিহীন ঘটনা। বিএনপি নেতা-কর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহবান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপি সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী এমপি। এতে আরো বক্তব্য রাখেন বিএনপি চট্টগ্রাম মহানগর সভাপতি ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবু সুফিয়ান, উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, এনামুল হক এনাম, মোর্শেদ কাদেরী, আজিজুল হক চেয়ারম্যান, অধ্যাপক শেখ মহিউদ্দিন, মহিবুল্লাহ ও জালাল উদ্দিন আহমেদ প্রমুখ। আলোচনাসভার আগে এক শোক র্যালি বের করা হয়।