সিলেট শহরে পুলিশের সাঁড়াশি অভিযান, অস্ত্র গুলিসহ গ্রেফতার ১৬

আপডেট : ৩০ মে ২০১৩, ২২:৫৭
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে নির্বিঘ্ন রাখতে ও হঠাত্ করে নগরীতে ছিনতাইসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় অপরাধী চক্র ধরতে মাঠে সাঁড়াশি অভিযানে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তিন দিনে কোতয়ালী, শাহপরান ও দক্ষিণ সুরমা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ছিনতাইকারী চক্রের ১৬ জনকে গ্রেফতার করেছে, আটক করেছে দুটি রিভলবার, গুলি, ছুরি-চাপাতি, রামদা, ৬টি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কার। বুধবার এসএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছিনতাই কাজে ব্যবহূত অস্ত্রশস্ত্র সাংবাদিকদের সামনে প্রদর্শন করা হয়। তবে উচ্চ আদালতের নির্দেশনা না থাকায় আসামিদের হাজির করা হয়নি। মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) এজাজ আহমেদ সাংবাদিকদের জানান, দীর্ঘ দিন থেকে এই চক্র নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, মোটর সাইকেল চুরি ও গাড়ি চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের কয়েকটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।