তিতাস গ্যাস কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আজিজ খান বলেছেন, শিল্পে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সাথে আমার কোন সম্পর্ক নেই। দায়িত্বে থাকার সময়ে যত সংযোগ তার প্রত্যেকটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত নির্দেশেই দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন। আজিজ খান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের একটি অভিযোগও যদি সত্য প্রমাণিত হয় তবে যে কোনো শাস্তি গ্রহণযোগ্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা পেট্রোবাংলার চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত সিদ্ধান্ত ছাড়া আমি একটি সংযোগ দেইনি বা আমার নির্দেশে কোন সংযোগ দেয়া হয়নি।
জ্বালানি বিভাগের এক প্রজ্ঞাপনে বিপণন কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকদেরকে নতুন সংযোগ ও লোডবৃদ্ধির জন্য সীমিত ক্ষমতা দেয়। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি, জ্বালানি বিভাগ এবং কোম্পানি বোর্ডের অনুমোদনে আরও কিছু সংযোগ দেয়া হয়। সরকারি নির্দেশে লোডবৃদ্ধিসহ নতুন সংযোগ বন্ধ থাকলেও ‘পুনঃসংযোগ, গ্রাহকের আবেদনে রাইজার/সার্ভিস লাইন পরিবর্তন/স্থানান্তর, কারখানার নাম/মালিকানা পরিবর্তন, লোড পুনর্বিন্যাস, স্ট্যান্ডবাই জেনারেটর’ স্থাপনের অনুমোদন দেয়া যাবে না এমন কোন সিদ্ধান্ত কোন কর্তৃপক্ষ কখনও দেয়নি।
পুনঃসংযোগ বা স্থানান্তর সংক্রান্ত সিদ্ধান্তগুলো কোম্পানির বর্তমান ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে তিনজন জিএমসহ পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে করা হয়েছে। অতএব আমি দৃঢ়ভাবে বলতে চাই যে, এসব পুনঃসংযোগ, নাম/মালিকানা পরিবর্তন বা ব্যবসার ধরন পরিবর্তনকে কেউ কেউ নতুন সংযোগ হিসাবে আখ্যায়িত করার অপপ্রয়াস চালাচ্ছেন, যা দূরভিসন্ধিমূলক। পুনঃসংযোগ বা স্থানান্তর যা করা হয়েছে তা গ্যাস বিপণন নিয়মাবলী ২০০৪ এর বিধি-বিধান অনুসরণ করেই করা হয়েছে।
গত চার বছরে আমার সময়ে সিস্টেম লস ৬ দশমিক ৯৯ শতাংশ থেকে কমে শূন্যে নেমে আসে। ফলে ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে যথাক্রমে ১১৫ ও ১১১ কোটি টাকা আয় বাড়ে। -প্রেস বিজ্ঞপ্তি
