নারায়ণগঞ্জে পোর্ট টার্মিনাল নির্মাণে ভারতকে অনুমতি দেয়ায় জামায়াতের নিন্দা

আপডেট : ৩০ মে ২০১৩, ২২:৫৭
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার পোর্ট টার্মিনাল নির্মাণে ভারতকে অতি গোপনে সরকার অনুমতি দেয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি চুক্তি ছাড়াই ভারতকে সরকারের পূর্ণাঙ্গ নৌ-ট্রানজিট প্রদানের নিন্দা জানান। রফিকুল ইসলাম খান বলেন, নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার পোর্ট নির্মাণের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১০ মে দরপত্র আহ্বান করেছে। নারায়ণগঞ্জ শহরের খানপুরে শীতলক্ষ্যা নদীর তীরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ৪৬ একর জমির উপর এ পোর্ট নির্মাণ করা হবে। দরপত্র জমা দেয়ার শেষ তারিখ ৭ জুন । পোর্ট নির্মাণে ভারত দরপত্র আহ্বান করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে। এ থেকে এটা স্পষ্ট, বর্তমান সরকার বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারত বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না। -প্রেস বিজ্ঞপ্তি