বিমূর্ত বা রূপকধর্মী চিত্রকর্মের বাইরে শিল্পীদের আঁকাআঁকির একটা বড় অংশ জুড়েই থাকে বাস্তবের প্রতিফলন কিংবা কল্পিত কোনো সময়ের চিত্রকল্প। কিন্তু তাই বলে কারও আঁকা ছবির সাথে যদি মিলে যায় ঘটমান বর্তমানের বাইরে ভবিষ্যতের কোনো অনুষঙ্গ, তবে কিছুটা চমকে যেতে হয় বৈকি। আর এমনই এক চমকের সাক্ষী হয়ে এবার সংবাদ শিরোনাম হয়েছেন যুক্তরাজ্যের সারে অঙ্গরাজ্যের তরুণী চিত্রশিল্পী ক্লো মেয়ো। অনেকটা কল্পনার ডানায় ভর করেই নিজের জীবনসঙ্গী কেমন হতে সে নিয়ে বছর চারেক আগে একটি ছবি এঁকেছিলেন ক্লো। এই ছবিতে নিজের পাশে তিনি স্থান করে দিয়েছিলেন তার স্বপ্নের রাজপুত্রকে। আর অবাক করা সত্য হয়েই এর কিছুদিন পর তার পরিচয় ঘটে হুবহু তার ছবির মানুষটির মতোই দেখতে এক ব্যক্তির সাথে। নাম তার মাইকেল গোম্যান। একটি অনলাইন ডেটিং সাইটে প্রথমবারের মতো মাইকেলের সাথে পরিচয়ের পরই ভীষণ চমকে গেছিলেন ক্লো। এ যে হুবহু তার ছবির মতোই ঘন কালো মোচ আর ঘন চুল। নিজের অজান্তে যেন কোনো ভুল করে না বসেন সেজন্য চোখের সামনে থেকে ছবিটি সরিয়ে রেখেছিলেন ক্লো। কিন্তু নিয়তির নিয়মেই পরিচয় থেকে মাইকেলের সাথেপরিণয়ের পথে পা বাড়ান ক্লো। ছবি যেন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলতে না পারে সেজন্য প্রায় দেড় বছর সময় নিয়ে সম্পর্কটাকে ঝালিয়েও নেন ক্লো। অবশেষে যখন নিজেদের মধ্যে সম্পর্কের বোঝাপড়াটা চূড়ান্ত রূপ নেয় তখনই একদিন ছবিটা হাজির করেন মাইকেল গোম্যানের সামনে। প্রথমটায় এই ছবিখানা যে তার সাথে পরিচয়েরও বহুদিন আগে আঁকা তা বিশ্বাসই করতে চাইছিলেন না মাইকেল গোম্যান। কেননা অনলাইন সাইটে পরিচয়ের আগ পর্যন্ত দুই শহরে থাকা এই দুই অধিবাসীর মধ্যে যে কখনো দেখা-সাক্ষাত পর্যন্ত হয়নি। তবে ক্লো এর দেওয়া প্রমাণের কাছে যখন হার মানতে হয় মাইকেলকে তখন তার শুধু অবাক হয়ে তাকিয়ে থাকবার পালা। ছবির কল্পনাও তাহলে কখনো কখনো বাস্তবের এত নিখুঁত প্রতিচ্ছবি হতে পারে!
