কলম্বিয়ার প্রেসিডেন্ট বিশ্বাসঘাতকতা করেছেন :মাদুরো

আপডেট : ৩১ মে ২০১৩, ২০:৪৩
কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস বিশ্বাসঘাতকতা করেছেন বলে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন। ভেনিজুয়েলার বিরোধী নেতার সঙ্গে জুয়ানের সাক্ষাতের পর বৃহস্পতিবার মাদুরো এ অভিযোগ করে বলেন, তিনি প্রতিবেশী কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করবেন। সরকারি টেলিভিশনে এক অনুষ্ঠান উপলক্ষে সম্প্রচারিত মাদুরোর বক্তব্যকালে তাকে দৃশ্যত ক্ষুব্ধ দেখাচ্ছিল। তিনি বলেন, প্রেসিডেন্ট সান্টোসের আন্তরিকতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ভেনিজুয়েলার বিরোধী নেতা হেনরিক ক্যাপ্রিলেস বর্তমানে কলম্বিয়া সফর করছেন। গত ১৪ এপ্রিলের নির্বাচনে কথিত কারচুপির বিষয়ে সমর্থন আদায়ের লক্ষ্যে তিনি এ সফর করছেন। মাদুরো বলেন, কলম্বিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি বাম বিদ্রোহী গোষ্ঠী ফার্কের সঙ্গে আলোচনা করেছিলেন। এখন তারা এর প্রতিদান হিসেবে বিশ্বাসঘাতকতা উপহার দিচ্ছে।