পাকিস্তানে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো তালেবান

আপডেট : ৩১ মে ২০১৩, ২০:৪৪
পাকিস্তানে তালেবান জঙ্গিরা সরকারের কাছে দেয়া তাদের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) দ্বিতীয় প্রধান কমান্ডার ওয়ালি উর রেহমান নিহত হলে তারই প্রতিবাদে তারা এই আলোচনার প্রস্তাব প্রত্যাহার করে নেন। দলের মুখপাত্র বৃহস্পতিবার এ খবর জানান। তালেবানের পক্ষ থেকে এ ধরনের ঘোষণা আসায় তা নওয়াজ শরীফের সরকারের কাছে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে বিশ্লেষকরা মনে করছেন। গত ১১ মে’র নির্বাচনে নওয়াজ শরীফের বিজয়ের পর বুধবার উত্তর ওয়াজিরিস্তানে প্রথম মার্কিন ড্রোন হামলা চালানো হয়। এতে তালেবানের ওই দ্বিতীয় শীর্ষ কর্মকর্তাসহ আরো সাত জন নিহত হয়। এ ঘটনার পর তালেবানের মুখপাত্র আহসানুল্লাহ আহসান এক বিবৃতিতে বলেন, তারা পাকিস্তানের কাছে যে আলোচনার প্রস্তাব করেছিলেন তা এই মুহূর্তে ফিরিয়ে নিচ্ছেন। তিনি বলেন, ওয়াজিরিস্তানে রেহমানের স্থলাভিষিক্ত হওয়ার জন্য দ্বিতীয় প্রধানের পদ পূরণের প্রক্রিয়া চলছে। এ পদে সম্ভবত রেহমানের ডেপুটি খান সায়িদ আসতে পারেন। এ ব্যাপারে দলের মধ্যে আলোচনা চলছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তিনিই হবেন টিটিপি দলের গুরুত্বপূর্ণ ওয়াজিরিস্তান শাখার দ্বিতীয় শীর্ষ প্রধান। নাম প্রকাশ না করার শর্তে তালেবানের দু’জন কমান্ডার জানান, তারা নতুন দ্বিতীয় শীর্ষ প্রধান নিযুক্তের জন্য সায়িদের পক্ষে ভোট দিচ্ছেন। তবে তালেবানের মুখপাত্র আহসান জানান, এ ব্যাপারে এখনো ভোটাভুটি শুরু হয়নি। গোয়েন্দা এবং তালেবান সূত্র জানায়, সায়িদের বয়স আনুমানিক ৪০। তিনি মূলত আফগানিস্তানে সমন্বিত হামলার জন্য নেতৃত্ব দিতেন। এদিকে আহসান টেলিফোনে বার্তা সংস্থা এপিকে এক গোপন স্থান থেকে জানান, আমাদের গ্রুপ সরকারের সঙ্গে সব ধরনের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কারণ তারা মনে করেন প্রতিশ্রুতি সত্ত্বেও পাকিস্তান সরকার সেখানে ড্রোন হামলা চালানোর আবারো অনুমোদন দিয়েছে। এটি সরকারের দেয়া অঙ্গীকারের বরখেলাপ। সেসময় তিনি নিশ্চিত করে বলেন যে সাম্প্রতিক হামলায় তাদের নেতা ওয়ালিউর রেহমান নিহত হয়েছেন। তিনি আরো বলেন, আমরা ভালো মনে করে সরকারের কাছে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিলাম কিন্তু সরকার তার উল্টোটা করেছে।