বেসরকারি সংগঠনগুলোর (এনজিও) তদারকির ক্ষেত্রে মিসর সরকার প্রস্তাবিত একটি আইনের ফলে দেশটিতে মুক্ত সমাজ প্রতিষ্ঠার আশা বিলীন হয়ে গেছে বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ আইনটিকে ‘মুক্ত সমাজের মূল চেতনার পরিপন্থি’ বলে এর সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক সারাহ লেয়া এ কথা বলেন। ‘বিপ্লবের পর স্বাধীন সংগঠনগুলো মুক্তভাবে ও স্বাধীনভাবে পরিচালিত হতে পারবে প্রস্তাবিত আইন সেসব আশা বিলীন করে দিয়েছে,’ বলেন সারাহ। তিনি বলেন, মিসরের প্রস্তাবিত এনজিও আইনে সরকার যে সংগঠনগুলোর কার্যক্রমকে তাদের জন্য ঝামেলাপূর্ণ মনে করবে তাদের তহবিল কাটছাঁট ও কার্যক্রম বন্ধ করে দিতে পারবে। বুধবার প্রস্তাবিত আইনের খসড়াটি মিসরের মুসলিম ব্রাদারহুড নিয়ন্ত্রিত পার্লামেন্টে জমা দেয়া হয়েছে। প্রস্তাবিত আইনটির প্রশংসা করে মিসরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসি বলেছেন, মুবারক আমলের বদ্ধ নাগরিক সমাজ এ আইন প্রতিষ্ঠার মাধ্যমে মুক্ত হবে।
