আলুর দরপতনে নওগাঁ জুড়ে হতাশা। কৃষক-ব্যবসায়ী, মজুদদার ও কোল্ডষ্টোরেজের মালিকরা ২০১১ সালের ন্যায় আলুর মূল্য বিপর্যয়ের আতংকে ভুগছে। আলু নিয়ে তারা আবারও মহাবিপাকে পড়েছেন। উল্লেখ্য, বাজারে আলুর চাহিদা হ্রাস পেয়েছে। আবার মণপ্রতি আলুর দাম প্রায় ২শ’ টাকা পড়ে গেছে।
পাইকারী বাজারে ৫শ’ টাকার প্রতিমণ আলু ৩শ’ থেকে ৩শ’ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। টাকার প্রতি কেজি আলু মাত্র ১০ টাকা দামে বিক্রি হচ্ছে। নওগাঁর আলু ব্যবসায়ীরা জানান, প্রতিবছর প্রথম জ্যৈষ্ঠতে আলুর বাজার উঠতে শুরু করে। কোল্ডষ্টোরেজে আলু উত্তোলনের তোড়জোড় পড়ে। অথচ মধ্য জ্যৈষ্ঠতেও ষ্টোরেজের আলু উত্তোলনের নাম নেই। তারা আরও জানান, কোথাও আলুর চাহিদা নেই, বাইরের জেলাগুলোতে আলু যাওয়া বন্ধ। গত ২০১১ সালেই এই একই অবস্থার সৃষ্টি হয়ে আলুর বাজারে চরম বিপর্যয় দেখা দিয়েছিল। ৮শ’ টাকার একবস্তা আলু তখন ২শ’ টাকায়ও বিক্রি হয় না। যেখানে প্রতি ব্যাগ আলুর ষ্টোরেজের ভাড়াই আড়াইশ’ টাকা থেকে ৩শ’ টাকা। মেয়াদ উত্তীর্ণ আলু ষ্টোরেজই পচে যায়। সার হিসাবে আলু জমিতে ব্যবহার করা হয়। এ বছরও ষ্টোরেজ ছাড়াও প্রচুর আলু বাইরে, কৃষক ও ব্যবসায়ীদের ঘরে রয়ে গেছে। দেখা দিয়েছে সর্বত্র আলুর দরপতন। এদিকে কৃষি উপ-পরিচালক এসএম নুরুজ্জামান মন্ডল জানান, নওগাঁর আলুর আবাদ ও উত্পাদন দুই বেড়েছে। সে অনুপাতে আলুর বাজারজাতকরণের ব্যবস্থা নেই।
