হারাগাছে চাঁদা তুলে আড়াইশ’ ফুট বাঁশের সাঁকো নির্মাণ

আপডেট : ৩১ মে ২০১৩, ২০:৫৩
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার মেনাজবাজার গোল্ডেন ঘাট গ্রামে তিস্তার শাখা নদীর উপর একটি পাকা সেতুর অভাবে চরাঞ্চলের দশ গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষকে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হয়। চরাঞ্চলের মানুষরা অবশেষে চাঁদা উঠিয়ে নদীর উপর প্রায় সাড়ে ৪শ’ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছে। প্রকাশ, শুকনো মৌসুমে নদীর উপর দিয়ে চরঘড়িয়াল, চরচতুরা, চরপল্লীমারী, চরচারমাথা, চরমিলনবাজার, চরকলমদার টারী, চরচিনাতুলী, চরকাউয়াটারী, চরহরিণচড়া, চরটাংরী গ্রামের লোকজন চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে প্রায় ৮ থেকে ১০ ফুট গভীর পানি থাকায় কলাগাছের ভেলা ও ছোট নৌকায় দু’পাড়ের লোকজন পারাপার হতো। লোকজনের পারাপার বেড়ে যাওয়ায় গ্রামের মানুষ স্থানীয় প্রতিনিধিদের কাছে তিস্তার শাখা নদীর একটি পাকা সেতু নির্মাণের দাবি জানায়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বরঞ্চ হারাগাছ পৌর কর্তৃপক্ষ সেতু নির্মাণের ব্যবস্থা না নিয়ে নদীর শাখাটি গোল্ডেন ঘাট হিসেবে ইজারা দেয়। এতে করে চরাঞ্চলের মানুষের পারাপারে আরো দুর্ভোগ বাড়ে। নদী পারাপারে দশ গ্রামের মানুষদের গুনতে হয় টোলের টাকা। আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে নদীতে নৌকা মেলে না।