কালীগঞ্জে হাজার টন সার খোলা আকাশের নিচে

আপডেট : ৩১ মে ২০১৩, ২০:৫৫
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ফার্টিলাইজারের (বাফার) গুদামে স্থান সংকটের কারণে হাজার হাজার টন ইউরিয়া সার দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থেকে বৃষ্টির পানিতে গলে যাচ্ছে। প্রতিনিয়ত তা ড্রেন দিয়ে বের হয়ে গেলেও কর্তৃপক্ষ নীরব। এপ্রিল মাসের চাহিদা ছিল ৬ হাজার ৬শ’ ৮ টন কিন্তু ডিলাররা কোটার চাহিদার অর্ধেক মালও উত্তোলন করেনি। এসব সার গুদামে এবং খোলা আকাশের নিচে পড়ে থেকে গুণগত মান নষ্ট হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ইউরিয়া পড়ে থাকলে সারের নাইট্রোজেন উড়ে যায় এবং দানা বেঁধে নষ্ট হয়ে যায়। বাংলাদেশ ফার্টিলাইজার এবং বিএডিসি দুই বিভাগের রশি টানাটানির কারণে গুদাম সম্প্রসারণ সম্ভব হচ্ছে না। কালীগঞ্জের ডিলার মালিক সমিতির সাবেক সভাপতি সহিদুল ইসলাম জানান, সারাদেশে সার, ডিজেলসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এই অঞ্চলের কৃষকরা ধান চাষ কমিয়ে দিয়েছে। ফলে ইউরিয়ার চাহিদা অনেক কম। ফলে তারা সার উত্তোলন করে বিক্রি করতে পারছে না।