মাধবপুরে চা বাগানের বৃক্ষ কর্তনে বিনষ্ট হচ্ছে পরিবেশ

আপডেট : ৩১ মে ২০১৩, ২১:০০
মাধবপুরের জগদীশপুর চা-বাগানে টেন্ডারের মাধ্যমে গাছ কাটার কারণে বিনষ্ট হচ্ছে অসংখ্য চা গাছসহ পশু-পাখির নিরাপদ আবাসস্থল। গাছ কাটার বিকট শব্দে আতংকে এলাকা ছাড়ছে বিভিন্ন প্রজাতির পশু-পাখি। জানা যায়, চা বাগান কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সাম্প্রতিক এক সভায় ন্যাশনাল টি কোম্পানির আওতায়ধীন মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানে সেগুন, আকাশমনি, চামল, মেহগনি, কড়ই, জাম, মেনজিয়ামসহ বিভিন্ন প্রজাতির ২৮৯টি গাছ কর্তন ও স্থানান্তরের অনুমোদন সুপারিশ করা হয়। দরপত্রের মাধ্যমে জগদীশপুর চা বাগানের ২৮৯টি বড় বড় গাছ বিক্রি করা হয় । শেখ মোঃ শাহ আলম নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠান ২৩ লাখ ৯ হাজার ৯শ’ ৬০ টাকায় উক্ত গাছগুলো ক্রয় করেন। প্রচলিত আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ বিধান অক্ষুণ্ন রেখে বাগানের ঢাল অঞ্চল, পশু-পাখির বসবাস এলাকা এবং মূল্যবান চা গাছ অক্ষত রাখতে বলা হলেও গাছ কাটার সময় তা মানা হচ্ছে না । এ ব্যাপারে চা বাগান ব্যবস্থাপক মোঃ শাহাদাত্ হোসেন জানান, তিনি জগদীশপুর চা বাগানে যোগদানের অনেক পূর্বেই উল্লেখিত গাছ ইজারা দেয়া হয়েছে। শর্ত রয়েছে চা গাছ নষ্ট হলে ক্ষতিপূরণ আদায় করা হবে।