পরপর তিন বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে হ্যাট্রিক করা চিত্রাভিনেত্রী পপির যাত্রা কিন্তু চলচ্চিত্র দিয়ে নয়। ১৯৯৫ সালে তিনি শোবিজে এসেছিলেন ‘লাক্স আনন্দ বিচিত্রা’ ফটোসুন্দরী হয়ে। সে বছরই তিনি লাক্সের বিজ্ঞাপনে মডেল হয়ে সবার মন কাড়েন। ক্লাস ফাইভে পড়ার সময় সালমান শাহ-শাবনূর অভিনীত ‘বিক্ষোভ’ ছবি দেখে বাড়িতে মার খেয়েছিলেন পপি। তবে মন থেকে মুছে ফেলতে পারেননি সালমান শাহকে। তাই ১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর যখন সেই সালমানের সঙ্গেই তাকে অভিনয়ের প্রস্তাব দিলেন, এক কথায় রাজি হয়ে গেলেন কেবল সালমানের সঙ্গে অভিনয়ের লোভে। কিন্তু সে বছরই সালমান মারা গেলেন। পপির আশা পূরণ হলো না। ছবির নায়ক হিসেবে নেয়া হলো ওমর সানিকে। ১৯৯৭ সালে পপির প্রথম ছবি ‘কুলি’ মুক্তি পেতেই রাতারাতি তারকা বনে গেলেন তিনি। -বিডি নিউজ
