জরায়ু ক্যান্সারে প্রতিদিন মারা যান ২৮ নারী

আপডেট : ৩১ মে ২০১৩, ২১:৩৬
নারী মা হিসেবে অত্যন্ত মর্যাদাবান। আর মা হওয়ার জন্য চাই সুস্থ জরায়ু। এই জরায়ুকে সুস্থ রাখতে আধুনিক চিকিত্সা বিজ্ঞানের অবদান ভ্যাকসিন নেয়া খুবই কার্যকর ও ফলপ্রসূ। পাইওনিয়ার হেলথ সার্ভিসেস লি:-এর উদ্যোগে এবং গ্ল্যাক্সো স্মিথক্লাইন-এর সহযোগিতায় বৃহস্পতিবার আজিমপুরস্থ গার্হস্থ্য অর্থনীতি কলেজ মিলনায়তনে ‘জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে পাইওনিয়ার হেলথ সার্ভিসেস লি:-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন (ফারুক) এ সব কথা বলেন। গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানুর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে গ্ল্যাক্সো স্মিথক্লাইন-এর সিনিয়র প্রডাক্ট এক্সিকিউটিভ সাকেরা সুলতানা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জরায়ু মুখ ক্যান্সারের বিভিন্ন পর্যায় এবং এর প্রতিরোধের উপায় নিয়ে চিত্র প্রদর্শনসহ বিশদ আলোচনা করেন। যার উল্লেখযোগ্য কয়েকটি দিক হল, জরায়ু মুখ ক্যান্সার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মাধ্যমে টিউমার আকারে দেখা দেয়। যৌন সক্রিয় যে কোন নারী এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার ২ থেকে ২০ বছরের মধ্যে জরায়ুতে ক্যান্সার দেখা দেয়। এ রোগে বাংলাদেশে প্রতিদিন গড়ে ২৮ জন নারী মারা যাচ্ছেন। ধর্মীয় বিধান পালন, কনডম ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এ রোগ কিছুটা প্রতিরোধ করা গেলেও টিকাই হলো এর কার্যকর প্রতিরোধক। সেমিনারে আরো উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল নিশাত পারভীন, গ্ল্যাক্সো স্মিথক্লাইন-এর ফিল্ড এক্সিকিউটিভ জিহান আহমেদ এবং পাইওনিয়ার হেলথ সার্ভিসের লি:-এর ম্যানেজার মো. রাসেল হোসেন ও এসিস্ট্যান্ট ম্যানেজার করপোরেট মার্কেটিং শারমিন সুলতানা।