সেনা সদস্যের স্ত্রীর মৃত্যু নিয়ে সংবাদের প্রেক্ষিতে সেনা সদরের বক্তব্য

আপডেট : ৩১ মে ২০১৩, ২১:৩৬
গত ১৩ মে কুমিল্লা সেনানিবাসস্থ বাংলাবাজার এলাকায় অফিসার্স পারিবারিক বাসস্থানে (নীলিমা, ৭৪/৬) লে. কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলামের স্ত্রী ডা. শেজাদী আপসা মৃত্যুবরণ করেন। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য দেশের প্রচলিত আইন অনুযায়ী কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। উক্ত ঘটনাটি তদন্তের জন্য ইতিমধ্যে সামরিক বিধি অনুযায়ী একটি তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে। তাছাড়া, ঘটনার পরপরই অভিযুক্ত অফিসারকে তার চলমান দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়। উক্ত ঘটনায় বিভিন্ন পত্র-পত্রিকায় কিছু কিছু বক্তব্য অতিরঞ্জিত, বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ আকারে প্রকাশ পেয়েছে। এ জাতীয় তথ্য প্রকাশের ফলে সেনাবাহিনী সম্পর্কে সাধারণ মানুষের মনে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে। ডা. শেজাদী আপসার মৃতদেহের ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি এবং গঠিত তদন্ত পর্ষদের কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়াও এ বিষয়ে আদালতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বিধায় বর্ণিত মৃত্যু সংক্রান্ত কোন বক্তব্যে আদালতের কার্যক্রম যেন কোনভাবেই প্রভাবিত না হয় সে বিষয়ে সেনাসদর অত্যন্ত সজাগ। সেনাবাহিনী একটি সুশৃঙ্খল সংস্থা এবং সর্বদাই দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও রাষ্ট্রীয় এবং সেনা আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। -আইএসপিআর