তাজরীন গার্মেন্টেসে অগ্নিকাণ্ডে শ্রমিক হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৯ জুন হাইকোর্টে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। এদিকে একইদিন হাইকোর্টের ওই বেঞ্চে হাজির হন গার্মেন্টসটির মালিক দেলোয়ার হোসেন। আদালত ওইদিন তাকে আবারো আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
গত বছরের ২৪ নভেম্বর রাতে তাজরীনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় শতাধিক শ্রমিক প্রাণ হারান। তাজরীন ফ্যাশনসের মালিককে গ্রেফতারের নির্দেশনা চেয়ে গত ২৮ এপ্রিল নৃবিজ্ঞানী নাজনিন আক্তার বানু, সাইদিয়া গুলরুখ কামাল ও মাহমুদুল হাসান আবেদন করেন।
