জেলাভিত্তিক বাজেট এখন সময়ের দাবি হয়ে উঠেছে। বর্তমান মহাজোট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল জেলা বাজেট প্রণয়ন। গত ৪ বছরেও এটা বাস্তবায়ন সম্ভব হয়নি। কেন্দ্রীয়ভাবে প্রণীত বাজেটকে জেলাভিত্তিক বণ্টন করার জন্য প্রতিটি জেলার সব সরকারি দফতর এবং স্থানীয় সরকারের সম্পৃক্ততা একান্ত জরুরি। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের মাঠ পর্যায়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করতে হয়। এ অবস্থায় জেলা বাজেট প্রণয়ন করতে গিয়ে যদি বেশ কয়েক বছর লেগে যায় তাহলে বিশেষভাবে কাউকে দায়ী করা যায় না। তারপরও জেলা বাজেট প্রণয়নে কারো না কারো আন্তরিকতার অভাব ছিল নিশ্চয়ই। সরকারের সর্বশেষ বাজেট প্রণয়নকালে জেলা বাজেট প্রণয়নকে সাধুবাদ জানাতে হয়। বাজেটকে আদর্শিকভাবে নিম্ন থেকে ঊর্ধ্বমুখী করার দাবি অনেক দিনের হলেও আমলাতান্ত্রিক জটিলতাসহ নানা কারণে তা বাস্তবায়ন করা যায়নি। জানা গেছে, বর্তমান সরকারের মেয়াদে পরীক্ষামূলকভাবে টাঙ্গাইল জেলার সব উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সম্পূর্ণ আলাদাভাবে এবারের বাজেটে বরাদ্দ রাখা হবে। এতে ২০১৭-২০১৮ অর্থবছর পর্যন্ত খরচের প্রক্ষেপণ দেওয়া হবে। এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা নিশ্চিত হলে পরবর্তী সময়ে আরো বেশ কয়েকটি জেলায় তা সম্প্রসারণের চিন্তা-ভাবনা করছে অর্থ মন্ত্রণালয়—তেমন খবরও প্রকাশিত হয়েছে পত্রপত্রিকায়। এটা একটি নির্বাচনী প্রতিশ্রুতি হলেও গত ৪ বছর ধরে তা বাস্তবায়নে তেমন উদ্যোগ না থাকলেও এখন যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেজন্য অবশ্যই সাধুবাদ জানাতে হয় সরকারকে। এতে স্থানীয় জনগণ জানবে— তাদের এলাকায় উন্নয়নের জন্য কত বরাদ্দ দেওয়া হচ্ছে। বাজেট প্রক্রিয়ার সঙ্গে তাতে তৃণমূলের অংশগ্রহণও বাড়বে। স্থানীয় জনপ্রতিনিধির জবাবদিহিতাও নিশ্চিত হবে এতে।
এ বছর অর্থমন্ত্রী দেশের ৬৪ জেলার বাজেট আলাদাভাবে দেখাতে পারছেন না। মডেল জেলা হিসেবে তিনি টাঙ্গাইল জেলার বাজেট উত্থাপন করবেন। বাজেট বরাদ্দে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা নিশ্চিত হলে পরবর্তী সময়ে এরই ধারাবহিকতায় আগামীতে আরো কয়েকটি জেলার বাজেট করা হবে—তেমন সংবাদে দেশবাসী আশাবাদী হয়েছেন। অর্থনৈতিক সমতা আনার জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণের মতো আমাদের সব অর্থনৈতিক কর্মকাণ্ডেও বিকেন্দ্রীকরণ জরুরি। ক্ষমতাসীন দলের নেতাদের নির্বাচনী এলাকার উন্নয়ন হয় কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার চেহারা হয় জরাজীর্ণ এবং রুগ্ণ। তেমন অভিযোগ সব সময় শোনা যায়। এছাড়া প্রায়ই দেখা যায় কেন্দ্রের মেজাজ-মর্জির ওপর জেলা-উপজেলার রাস্তাঘাট, স্কুল, কলেজ ইত্যাদির ব্যয় বরাদ্দ নির্ভর করে। মূল বাজেট থেকে নিজ এলাকার জন্য বরাদ্দ নিতে অনেক ক্ষেত্রে রীতিমতো হিমশিম খেতে হয় সংসদ সদস্যদের। তবে ইদানীং বাজেটে বিশেষ ক্ষেত্রে পৃথক বরাদ্দের ব্যবস্থা রাখা হচ্ছে। সেখানে গার্মেন্টস কর্মীদের জন্য বাসস্থান বা মেয়েশিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা অথবা নির্যাতিত নারীদের সহায়তা কেন্দ্রের জন্য বরাদ্দ রাখার বিধান রেখে নারীবান্ধব বাজেট তৈরি হচ্ছে। আজকাল কৃষকদের জন্যও বাজেটে পৃথক বরাদ্দের দাবি উঠেছে। কৃষিখাত আর কৃষকদের জন্য বরাদ্দ রাখার মধ্যে পার্থক্য রয়েছে। কৃষকদের শস্যবীমা, প্রযুক্তির সুযোগ প্রদান এবং কৃষকদের কাছ থেকে জেনে তাদের সুবিধাজনক বাজেট প্রণয়নের যে দাবি সেই আশির দশক থেকে করা হচ্ছে এর প্রতিফলন আমরা সবাই এবারের বাজেটে দেখার অপেক্ষায় রয়েছি। ইতিমধ্যে কৃষি ভর্তুকি বৃদ্ধি, কৃষকদের শস্যবীমা চালু, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ বিতরণসহ কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট প্রণয়নের দাবি জানিয়েছে নাগরিক মঞ্চ নামে ২৫টি সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জোট। তাঁরা বলেছেন এবারের বাজেটে দেশের মূল চালিকা শক্তি কৃষিখাতকে উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে। এ লক্ষ্যে উপজেলা ইউনিয়ন পর্যায়ে কৃষকদের দাবি ও মতামত অনুযায়ী জেলার বাজেট আলাদাভাবে প্রণয়ন করতে হবে। গ্রামীণ অর্থনীতি উন্নয়নের লক্ষ্যে শক্তিশালী জেলা বাজেট প্রণয়নের মাধ্যমে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীকরণ, জনগণের নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া মনিটরিং করতে হবে। একথা সত্যি যে জেলা বাজেটের সাফল্য নির্ভর করছে স্থানীয় প্রশাসনের ওপর— তারা যত দক্ষতার সঙ্গে সেখানকার জনগণের চাহিদা তুলে ধরে এবং গুণগত মান বজায় রেখে ব্যয় করতে পারবে, ততোই ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে এটি। এ ক্ষেত্রে দলীয় বিবেচনাকে কোনোভাবেই প্রাধান্য দেওয়া যাবে না। অনেক সময় অবহেলিত অঞ্চলগুলোর অধিবাসীরা অভিযোগ করেন তাদের উন্নয়নে সরকারের কোনো নজর নেই। সেটিও অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব জেলা বাজেট প্রণয়ন, ঘোষণা ও তার সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে। এজন্য অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনকে শক্তিশালী করাসহ বাজেট সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সুস্পষ্ট ধারণা দেওয়ার উদ্যোগ নিতে হবে। প্রশিক্ষণের ওপরও আলাদাভাবে জোর দিতে হবে।
জেলা বাজেট প্রণয়ন ও তার সুষ্ঠু বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীকরণে গুরুত্ব দিতে হবে। আইন পাস হলেও তা পরিপূর্ণ কার্যকর করা যায়নি। ফলে ক্ষমতার পালাবদলের পর পরবর্তী সরকার এসে জেলা বাজেট বাস্তবায়ন করবে, তার নিশ্চয়তা নেই। বাংলাদেশের বাস্তবতায় বলতে হয় প্রায় সব আমলেই সরকার আমলার মাধ্যমে জেলার সঠিক কর্মকাণ্ড ও প্রশাসনকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে। যে কারণে জেলা পরিষদ পরিপূর্ণভাবে কার্যকর করা যায়নি আজও। উপজেলা চেয়ারম্যানের সঙ্গে সংসদ সদস্যের ক্ষমতার দ্বন্দ্ব আমরা প্রায়ই দেখছি।
জেলা বাজেট প্রণয়নের জন্য প্রয়োজন বাজেটের কাঠামোগত সংশোধন। কেননা বাংলাদেশের বিদ্যমান আইনে বিকেন্দ্রীভূত অর্থনৈতিক কাঠামোর অনুমোদন নেই বলে জানা যায়। সুতরাং আইন পরিবর্তন ছাড়া অর্থমন্ত্রীর জেলা বাজেট প্রণয়নের প্রকৃত কাঠামোগত রূপরেখা কী হবে তা জনগণের কাছে উপস্থাপন একান্ত জরুরি এই মুহূর্তে।
বাংলাদেশ ছোট্ট একটি দেশ। প্রাকৃতিকভাবে এ দেশে জেলায় জেলায় তেমন পার্থক্য নেই। তারপরেও এ দেশে উত্তর ও দক্ষিণ অংশের জেলাগুলোর মধ্যে অর্থনৈতিক অবস্থার দিক থেকে বেশ অনেকটা ব্যবধান রয়েছে। উত্তরে যেমন মঙ্গার মতো নীরব দুর্ভিক্ষের প্রাদুর্ভাব ঘটে, তেমনি দক্ষিণ এলাকায় নদী ভাঙন এখনও সেখানে বড় সমস্যা হিসেবে বিবেচিত হয়। পূর্বাঞ্চলে যেভাবে শিল্প-বাণিজ্য বিস্তৃত হচ্ছে পশ্চিমাঞ্চলে সেখানে কিছুটা ঘাটতি রয়েছে। এসব বিবেচনায় জেলা বাজেট জরুরি। এজন্য মাঠ পর্যায়ে কাজ করা অত্যাবশ্যক। জেলা বাজেট কেন্দ্রে বসে করা সম্ভব নয়। জেলায় জেলায় গিয়ে অধিবাসীদের চাওয়া-পাওয়া জানতে হবে আগে। স্থানীয় সরকারের প্রতিনিধিদের আরো বেশি ক্ষমতা দিতে হবে। সংসদ সদস্যরা নিজেরা যদি জেলার বাজেট বিষয়ে একাই সিদ্ধান্ত নেন তাহলে সেটা হবে রাজনৈতিক বাজেট। স্থানীয় সরকার প্রতিনিধি, সংসদ সদস্য, স্থানীয় জনগণ সবার সম্মিলিত মতামত ও ঐক্যমতের ভিত্তিতেই জেলা বাজেট প্রণয়ন করা উচিত। আমাদের সবার প্রত্যাশা সরকার বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখবে। স্থানীয় সব রাজনৈতিক দল ও নাগরিক প্রতিনিধির সমন্বয়ে জেলা, উপজেলা বা ওয়ার্ড পর্যায়ে বাজেট কমিটি গঠন, আয়করনির্ভর গণমুখী কর ব্যবস্থা প্রবর্তনসহ আমলাতান্ত্রিক পন্থায় নয়—গবেষণা ও পর্যালোচনাপূর্বক গণমানুষের চাহিদা এবং তাদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণায় গুরুত্ব দিতে হবে। জেলা বাজেট প্রণয়ন করলেই চলবে না অর্থ ছাড় ও এটি ব্যবহারের স্বাধীনতাও দিতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের। এ ক্ষেত্রে তদারকির কাজটি করতে পারে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন। সেভাবেই সাজাতে হবে গোটা প্রশাসনকে।
ঢাকা
