বৃষ্টিতেও তিন মেয়র প্রার্থীর বিরামহীন প্রচারণা

আপডেট : ৩১ মে ২০১৩, ২২:১২
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় বৃষ্টি উপেক্ষা করে ১৪ দল সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর দৌলতপুর মুহসিন মোড় থেকে তার প্রচারণা শুরু করেন। দুপুর ১টা পর্যন্ত তালুকদার আব্দুল খালেক নগরীর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দৌলতপুর কাঁচাবাজার, মাছ বাজারের অলিগলি ও সরকারি বিএল কলেজ মোড় এলাকায় ব্যাপক প্রচারণা চালান। দুপুরে মহেশ্বরপাশা মসজিদে তিনি জুম্মার নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় শেষে মহেশ্বরপাশা রানার মাঠ বস্তি, মুন্সিপাড়া, জিয়া কলেজ রোড, মানিকতলা মোড় ও সিএসডি গোডাউনসহ বিভিন্ন জুটমিলে গণসংযোগ এবং জুটমিল শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। বিকাল সাড়ে পাঁচটায় দৌলতপুরের অলোক চত্বরে পথসভায় তিনি বক্তব্য রাখেন। এসময় তিনি শ্রমিক-কর্মচারীদের কাছে খালিশপুর জুট মিল চালু, হার্ডবোর্ড মিলের সংস্কার কাজের জন্য টাকা বরাদ্দ প্রদানে ভূমিকা পালন, শ্রমিক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রদান এবং তার সময়ে সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আবারো ভোটারদের কাছে সমর্থন দাবি করেন। তালুকদার আব্দুল খালেকের সঙ্গে থাকা গণসংযোগকারীরা জানান, বৃষ্টির কারণে প্রচারণার কাজে সমস্যা হলেও করার কিছুই নেই। এ দুর্ভোগ নিয়েই ভোটারদের কাছে তাদের যেতে হচ্ছে। এ সময় তালুকদার আব্দুল খালেকের সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক কেসিসি’র সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান খান খোকন, নূর ইসলাম বন্দ, মোল্লা শওকত আলী, শেখ জাফর আহমদ, শাহীন জামান পনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে গতকাল ১৮ দলীয় জোট সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক কমিটির মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি সকাল ৭টায় নগরীর খালিশপুর পাওয়ার হাউজ মোড় থেকে গণসংযোগ শুরু করেন। দুপুর ১টা পর্যন্ত তিনি খালিশপুর চিত্রালী বাজার, ফুলবাড়ি গেট, মিরেরডাঙ্গা, শিরোমনি কেবল ফ্যাক্টরি, সোনালি জুট মিল, এ্যাজাক্স জুট মিল ও সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। এ সময় শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে মনিরুজ্জামান মনি বলেন, শ্রমিক ভাই-বোনেরা খুলনার গর্ব। তাদের সততা, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের ফসলই হচ্ছে শিল্পাঞ্চল খুলনা। তাদের সঠিক সিদ্ধান্ত খুলনা শিল্পাঞ্চলকে আরো গতিশীল করতে পারে। এ এলাকার বন্ধ মিল-কারখানা চালু, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ ও তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আনারস প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান। দুপুরে জুম্মার নামাজ আদায় শেষে আবারো তিনি গণসংযোগে বের হন। মাগরিবের নামাজের আগ পর্যন্ত একটানা চলে তার এ গণসংযোগ। এ সময় স্থানীয় বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন। অপরদিকে গতকাল শুক্রবার সকাল ১১টায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্থানীয় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম নগরীর কে ডি ঘোষ রোড, ক্লে রোড, ডাকবাংলো মোড়, পিকচার প্যালেস মোড়, খান এ সবুর রোড, স্যার ইকবাল রোড, থানার মোড় এলাকায় গণসংযোগ করে। তারা ওই সব এলাকার ব্যবসায়ী, পথচারী, সাধারণ মানুষ, যানবাহন চালক ও যাত্রীদের কাছে আনারস প্রতীকের লিফলেট বিতরণ করেন। এদিকে জাতীয় পার্টি (এ) সমর্থিত নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু গতকাল সকাল ৯টায় নগরীর গণসংযোগে বের হন। তিনি নগরীর ২ নম্বর ওয়ার্ডের সেনপাড়া, দাউদের মাঠ, মিরেরডাঙ্গা, ফুলবাড়ি গেট বাজার, জনতা মার্কেট, বালুরমাঠ আবাসিক এলাকা, এ্যাজাক্স জুটমিল আবাসিক এলাকা, সোনালি জুটমিল আবাসিক এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন। বাদ জুম্মা তিনি ২ নম্বর ওয়ার্ডের দাউদের মাঠ এলাকায় মহিলাদের সাথে উঠান বৈঠকে মিলিত হয়ে দোয়াত কলমে ভোট প্রার্থনা করেন।