গতকাল শুক্রবার দুপুরে সরকারের চার মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ অন্তত ২০ এমপি নগরীর উপকণ্ঠ কাটাখালি পৌরসভায় অবস্থিত রাজশাহী চিনিকলে আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় যৌথসভায় উপস্থিত ছিলেন। এই বৈঠক প্রসঙ্গে ১৮ দলীয় জোটের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করতেই ওই রুদ্ধদ্বার বৈঠক করেছেন সরকারের মন্ত্রী ও এমপিরা। নির্বাচনী এলাকার একটু বাইরে হলেও নির্বাচনকে প্রভাবিত করতেই সরকারের মন্ত্রীরা সেখানে বৈঠক করেন। এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়েই পড়ে।
জানা গেছে, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্ল¬া’র সভাপতিত্বে ওই সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ ছাড়াও পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ অবশ্য সাংবাদিকদের বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই কারণে নির্বাচনী আচরণবিধী বিবেচনা করেই আমরা দলীয় সভা নির্বাচনী এলাকার বাইওে করেছি।’
