মির্জাপুরে এক হাজার মুরগির খামার বন্ধ

আপডেট : ৩১ মে ২০১৩, ২২:৩৭
বার্ড ফ্লু আতংক, দফায় দফায় মুরগির খাবার, ডিম এবং বাচ্চার দাম বৃদ্ধিসহ অর্থনৈতিক সংকটের কারণে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত এক বছরে প্রায় এক হাজার মুরগির খামার বন্ধ হয়ে গেছে। এছাড়াও ব্যাংক ও মহাজনদের ঋণে জর্জরিত ঐসব মুরগির খামারের মালিকরা চরম বিপাকে পড়েছে। সরকারিভাবেও তাদের কোন সহযোগিতা করা হচ্ছে না বলে জানা গেছে। মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার খোঁজ নিয়ে দেখা গেছে, মুরগির খামারে সঙ্গে জড়িত প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবন-যাপন করছে। উপজেলার প্রাণিসম্পদ বিভাগ এবং যুব উন্নয়ন অফিস সূত্রে জানা যায়, মির্জাপুর পৌরসভা এলাকা এবং অপর ১৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় গত তিন বছর আগেও লেয়ার ও বয়লার মিলিয়ে প্রায় বারশ’র মত মুরগির খামার এবং স্যাট ২২৫ টি পোল্ট্রি শিল্প ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে বার্ড ফ্লু আতংক, দফায় দফায় মুরগির বাচ্চা ও ডিমের দাম বেড়ে যাওয়ায় অধিকাংশ খামার বন্ধ হয়ে যায়। এ ছাড়া মুরগির খাবারের দাম বেড়েছে ৫-৭ গুণ। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার মহেড়া, ফতেপুর, জামুর্কী, বানাইল, উয়ার্শী, আনাইতারা, বহুরিয়া, গোড়াই, বাঁশতৈল, আজগানা, তরফপুর, লতিফপুর, ভাওড়া ও ভাদগ্রাম—এই ১৪টি ইউনিয়ন এবং পৌরসভা সংলগ্ন দেওহাটাসহ বিভিন্ন এলাকায় ঐসব মুরগির খামার গড়ে ওঠে। এলাকার বেকার যুব সমাজ এবং বিভিন্ন এনজিওর সদস্যরা নিজেদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মুরগির খামার গড়তে আগ্রহী হয়। সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অফিস, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মত্স্য অধিদপ্তর থেকে বেকার যুবক-যুবতী এবং এনজিও সদস্যরা প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ নিয়ে মুরগির খামার গড়ে তুলে। অনেকে আবার বিভিন্ন ব্যাংক, এনজিও এবং মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েও খামার তৈরি করে। দিন দিন মুরগির খাবার, বাচ্চা ও ডিমের দাম বৃদ্ধির কারণে খামারগুলো ধীরে ধীরে বন্ধ হতে থাকে। গত এক বছরে প্রায় এক হাজার মুরগির খামার বন্ধ হয়ে গেছে বলে প্রাণিসম্পদ বিভাগ এবং যুব উন্নয়ন অফিস সূত্র জানিয়েছে। মুরগির খামার মালিক ভজন দত্ত, মাহবুব, রহিজ, তারিকুল, সুব্রত দাস, মনির, আলী নেওয়াজসহ অনেকেই জানিয়েছেন, খামার বন্ধ হয়ে যাওয়ায় তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত এবং ঋণে জর্জরিত হয়ে পড়েছে। তারা যুব উন্নয়ন অধিদপ্তর, বিভিন্ন ব্যাংক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট ঋণ মওকুফের জন্য আবেদন জানিয়েছেন। এদিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাড়াও দেলদুয়ার, বাসাইল, সখীপুর, নাগরপুর, কালিহাতি, ভুঁয়াপুর, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ি উপজেলাতেও একের পর এক মুরগির খামার বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। উপজেলা প্রাণী বিভাগের কর্মকর্তা বলেন, বার্ড ফ্লু আতংক এবং দফায় দফায় বাচ্চার দাম বৃদ্ধি খামার বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ। যারা খামার গড়ে তুলেছিল তাদের প্রাণিসম্পদ বিভাগ থেকে প্রশিক্ষণ ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। কিন্তু আবহাওয়ার পরিবর্তন এবং রাণীক্ষেত, কফ ও কলেরাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও মুরগি ও বাচ্চা মারা যায়। এছাড়াও মুরগির খাবারের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে খামার মালিকরা চড়া দামে খাবার কিনে বিপদে পড়ছে। এছাড়া অনেক খামার মালিক কোন প্রশিক্ষণ ছাড়াই বেশি মুনাফার আশায় খামার গড়ে তুলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে মাঝে মধ্যে প্রতিকূল আবহাওয়ার কারণেও অনেক মালিকরা তাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।