না’গঞ্জে ওসমান আলী স্টেডিয়ামের বাইরের মাঠে এখন হাঁটু পানি

আপডেট : ৩১ মে ২০১৩, ২২:৩৮
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ফতুল্লায় অবস্থিত খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামের আউটার মাঠ এখন হাঁটু পানিতে ডুবে আছে। ঘূর্ণিঝড় মহাসেন ও তার পরের কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্টেডিয়াম মাঠের অবস্থাও বৃষ্টির পানির কারণে নাজুক অবস্থায় রয়েছে। গত ২ মে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার সচিবালয়ে সাংবাদিকদের জানান, ২০১৪ সালের ১ এপ্রিল আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত খেলার উদ্বোধনী ম্যাচে বিকল্প ভেন্যু হিসেবে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামও থাকছে। ৯ জুন আইসিসি’র মাঠ পর্যবেক্ষক দল খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শনে আসবে। বৃষ্টির পানির কারণে মাঠ ও আউটার মাঠটির যে অবস্থা রয়েছে তা এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে হয়তো ভেন্যু হিসাবে রাখতে পারবেন না পর্যবেক্ষক দল। স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ দিকে দুটি খাল রয়েছে। একটি খাল লিংক রোডের অপরদিক থেকে স্টেডিয়ামের উত্তর দিক দিয়ে পানি নিষ্কাশন করে এবং আরেকটি স্টেডিয়ামের পাশের লামাপাড়া এলাকার ও কুতুবআইল শিল্পকল-কারখানার রং কেমিক্যালের বর্জ্য নিষ্কাশন হয়। স্টেডিয়ামের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দুটিতে পলিথিন ও ময়লা-আবর্জনায় জমাট হয়ে থাকায় বৃষ্টির পানি বের হতে না পারায় উপরের দিকে ফুলে উঠে আশপাশের এলাকাসহ স্টেডিয়ামের রাস্তা ও আউটার স্টেডিয়ামে হাঁটু পানি জমে যায়। তবে আশপাশের এলাকার পানি খালে নেমে গেলেও স্টেডিয়ামের ভিতরের পানি এখনো নামেনি। রোদের তাপে পানি পচে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। পানি নিষ্কাশনের ব্যাপারে কোন প্রদক্ষেপ নেয়া হয়েছে কিনা জানতে স্টেডিয়ামে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রসঙ্গত, এই প্রথম এককভাবে স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট। ২০১৪ সালের ১ এপ্রিল এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আইসিসির অনুমোদন সাপেক্ষে উদ্বোধনী অনুষ্ঠান একই বছরের ৩১ মার্চ হবে বলে জানা গেছে। টুর্নামেন্টে মোট ৫৪টি ম্যাচ মাঠে গড়াবে। এ ম্যাচগুলোর মধ্যে পুরুষ বিভাগে ৩৯টি ও মহিলা বিভাগে ম্যাচ থাকবে ১৫টি। এ টুর্নামেন্টে অংশ নেবে পুরুষদের ১৬টি ও মহিলাদের ১০ দল। ২ মে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। একইদিন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত উদ্বোধনী ম্যাচ ও বিকল্প ভেন্যু হিসেবে থাকছে শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট বিভাগীয় স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও মহিলা ইভেন্টের জন্য কক্সবাজার স্টেডিয়াম। নারায়ণগঞ্জ আউটার স্টেডিয়ামে প্রতিদিন ২৫-৩০টি দল এবং শিশু- কিশোররা নিয়মিত ফুটবল ও ক্রিকেট খেলে থাকে। আউটার স্টেডিয়ামের চর্তুদিকে দেয়ালঘেরা। গতকাল শুক্রবার সেখানে অনেককেই মাছ ধরতে দেখা গেছে।