ঝড়ের কবলে পড়ে গত বৃহস্পতিবার রাতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভী-৭ কীর্তনখোলা নদীর চরমোনাই সংলগ্ন পশুরাকাঠীর একটি চরে আটকা পড়েছে। এসময় বিক্ষুদ্ধ যাত্রীরা লঞ্চে হামলা চালিয়ে ভাংচুর করে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি।
সুরভী নেভিগেশনের পরিচালক রিয়াজুল কবির জানান, বৃহস্পতিবার রাতে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে বরিশাল নৌ বন্দর ত্যাগ করে এমভি সুরভী-৭। রাত ১০টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন পশুরাকাঠী এলাকায় ঝড়ের কবলে পড়ে লঞ্চটি। এসময় চালক লঞ্চটি চরে উঠিয়ে দেয়। পরে ঝড় থেমে গেলে লঞ্চটি চর থেকে নামিয়ে আনতে ব্যর্থ হন চালক। বিআইডব্লিউটিএ’র সাহায্য চাওয়া হলে রাত ১২টার দিকে একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে লঞ্চটি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
গতকাল শুক্রবার ট্রলার যোগে লঞ্চের পাঁচ শতাধিক যাত্রীকে উদ্ধার করে বরিশালে নিয়ে আসা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল বিআইডব্লি¬উটিএ’র যুগ্ম পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগ) মো. আশরাফ হোসেন জানান, উদ্ধারকারী ট্যাগবোট অগ্রযাত্রা’র মাধ্যমে লঞ্চটি টেনে নামাতে দু’দফা চেষ্টা করা হয়েছে। কিন্তু লঞ্চটি পুরোপুরি চরে উঠে গেছে। তাই টেনে নামানো সম্ভব হয়নি।
