পররাষ্ট্র সচিব অভিবাসী অধিকার বিষয়ে আন্তর্জাতিক কমিটির বিশেষজ্ঞ নির্বাচিত

আপডেট : ৩১ মে ২০১৩, ২২:৩৮
পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক অভিবাসী শ্রমিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক কমিটির (আইসিআরএমডব্লিউ) নিরপেক্ষ বিশেষজ্ঞ নির্বাচিত হয়েছেন। কমিটির নির্বাচনে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। আগামী ২০১৪ সালের জানুয়ারি থেকে তিন বছরের জন্য এই কমিটিতে দায়িত্ব পালন করবেন তিনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কোনো বিশেষজ্ঞ এবারই প্রথম অভিবাসীদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক কমিটিতে নির্বাচিত হলেন। এই কমিটির কাজ হলো অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সনদ অনুযায়ী, বিশ্বজুড়ে অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষার দেখভাল করা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। উল্লেখ্য, মো. শহীদুল হক চলতি বছরের জানুয়ারিতে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএম) কাজ করেছেন। এ সময় তিনি জেনেভায় আইওএমের সদর দপ্তর এবং ঢাকা ও কায়রোতে সংস্থার কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।