থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী চলচ্চিত্র উত্সবের আজ শনিবার শেষ দিন। আজ চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের ল্যাবরেটরি থিয়েটারে ৮টি চলচ্চিত্র সকাল থেকে দিনের বিভিন্ন অধিবেশনে প্রদর্শিত হবে। এসব চলচ্চিত্রের মধ্যে রয়েছে কোমল গান্ধার গ্যাংস অফ ওয়াসিপুর, এলিপাথথায়াম, পান সিং তোমার অর্ধসত্য, বোঝে না সে বোঝে না, মির্চ মসালা, অবশেষে। চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় ও চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের উদ্যোগে এই চলচ্চিত্র উত্সবের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের উপর নির্মিত হিন্দি ছবি চিটাগং প্রদর্শনের মধ্য দিয়ে উত্সবের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন ও শহীদ জায়া মুশতারী শফি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বড় পর্দায় চলচ্চিত্র দেখার মধ্যে দর্শকের মনে যে রেখাপাত ঘটে ছোট পর্দা বা টেলিভিশনে চলচ্চিত্র দেখে সেই আনন্দ লাভ করা সম্ভব নয়। তবে এই চলচ্চিত্র উত্সবে ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন কাল পর্বের বিখ্যাত ছবিগুলোর প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল। তবুও এ উত্সবে যে ১৬টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে সেগুলোর প্রায় সবগুলোই দর্শক নন্দিত এবং বিভিন্ন পর্যায়ে ভারতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত।
