রাজধানীতে দিনে-দুপুরে ঘরের মধ্যে জোড়া খুন

আপডেট : ৩১ মে ২০১৩, ২২:৫০
রাজধানীর শেওড়াপাড়ায় গতকাল শুক্রবার দিনে-দুপুরে ঘরের মধ্যে ঢুকে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শামীম সরণিতে অবস্থিত একটি ভবনের দোতলার একটি ফ্ল্যাট থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। নিহত দু’জনকেই মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের একজন বেসরকারি গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য এমবিএ পাস করা রাজিব (২৮) এবং অপরজন কোকোলা ফুডের মার্কেটিং সুপারভাইজার হিসেবে কর্মরত খায়রুল বাসার (৩০)। ভনটির দোতলার একটি ফ্ল্যাটে রাজিব ও বাসার আরো পাঁচজন বন্ধুর সাথে ভাড়া থাকতেন । ঘটনার পর থেকে মিলন নামে তাদের এক বন্ধু পলাতক রয়েছেন। অন্য দু’জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মারুফ আহমেদ জানান, বাসা থেকে ৩টি কম্পিউটারসহ বেশ কিছু মালামাল খোয়া গেছে। বাড়ির মালিক, নিহতদের দুই রুমমেট, গৃহকর্মীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটিত হয়নি। তবে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিল্পব কুমার সরকার বলেন, নিহত বাসারের হাতে একজন নারীর ওড়নার কিছু ছেঁড়া অংশ পাওয়া গেছে। ওড়নাটি পাশেই পড়ে ছিল। নিহত বাসার ওড়নাটি আঁকড়ে ধরার চেষ্টা করেছেন বলে দেখে মনে হচ্ছে। ঘটনার সময় দু’জনই নিজের বিছানায় শুয়ে ছিলেন। শুয়ে থাকা অবস্থাতেই তাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। বাসারের মাথায় তিনটি ও রাজিবের মাথায় দু’টি কোপের চিহ্ন রয়েছে। হত্যার পর লাশ দু’টি চাদর দিয়ে ঢেকে রেখে যায় হত্যাকারীরা। রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি রোডের পাশের ৫৫২ নম্বর নিরিবিলি নামক চারতলা বাড়ির দ্বিতীয় তলার দক্ষিণ দিকের একটি ফ্ল্যাটে গতকাল এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক সাইদুর রহমান চৌধুরী (৬৫) বলেন, তিনি দীর্ঘদিন সৌদি আরবে চাকরি করেছেন। সপরিবারের বাড়ির তৃতীয় তলায় বসবাস করেন। নিচতলা, দ্বিতীয়তলা ও চতুর্থ তলা মেস হিসেবে ভাড়া দেয়া। যারা মেসে বসবাস করেন তাদের নাম ঠিকানা তিনি রাখেন। দ্বিতীয় তলার ৩ রুমের ফ্ল্যাটটির দ্বিতীয় ও তৃতীয় রুমে এই নৃসংশ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রায় ৯ মাস আগে মাসিক ১০ হাজার টাকায় ভাড়া নেন রাজিব। আরো ৬ বন্ধুকে নিয়ে ওই ফ্লাটে থাকতেন তিনি। সাইদুর রহমান বলেন, গতকাল জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় ফিরছি। এমন সময় বাড়ির নিচতলার মূল গেটের কাছে নিহতদের রুমমেট করিমের সঙ্গে দেখা। করিম তাকে জানায়, তিনি বাসায় ঢুকতে পারছেন না। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কারো সাড়া মেলেনি। তাই চলে যাচ্ছেন। তিনি করিমকে সঙ্গে নিয়েই দ্বিতীয় তলায় যান। অনেক ডাকাডাকি করেন। কিন্তু কারো কোন সাড়াশব্দ নেই। ডাকাডাকির একপর্যায়ে দরজার তালার দিকে চোখ পড়ে। দেখেন দরজায় তালা লাগানো নেই। কিন্তু ছিটকিনি বাইরে থেকে লাগানো। ছিটকিনি খুলে ভেতরে গিয়ে দেখেন দুইজন দুই রুমে চাদর মুড়ি দিয়ে অগোছালোভাবে শুয়ে আছেন। তারা তাদের ডাকতে থাকেন। কিন্তু কোন সাড়াশব্দ নেই। এরপর চাদর তুলতেই দেখেন তাদের রক্তাক্ত লাশ। তখন তিনি তাড়াতাড়ি পুলিশকে খবর দেন। তিনি বলেন, ফ্ল্যাটের সব কিছু দেখভাল করতেন নিহত রাজিব। তিনি বলেন, নিহত বাসারের বাড়ি শরীয়তপুরে আর রাজিবের বাড়ি বগুড়ায়। বাড়িওয়ালার ছেলে সম্রাট বলেন, এরা বিভিন্ন এলাকার বাসিন্দা। সবার নাম ঠিকানা তাদের কাছে নেই। শুধু রাজিবের ঠিকানা আছে। বাড়িটির সামনের দিকের সীমানা প্রাচীর মাত্র ৫ ফুট উঁচু। যে কেউ অনায়াসে বাড়িতে প্রবেশ করতে পারে। নিহতদের রুমমেট আইডিবি ভবনের একটি কম্পিউটার শো-রুমে কর্মরত রুবেল বলেন, তারা ৩টি রুমে মোট ৭ জন বসবাস করতেন। এরমধ্যে বৃহস্পতিবার রাতে ২ জন গ্রামের বাড়ি যায়। বাকি ৫ জনের মধ্যে তিনি ও করিম সকাল ১০টার দিকে বের হন। আর মিলন কখন বের হয়েছে তা জানা নেই। রাতে কোন বিষয় নিয়ে ঝগড়া বা ঝামেলা হয়েছে কি না তাও বলতে পারেন না। গৃহপরিচারিকা পুলিশকে জানিয়েছে, রান্না শেষ করে সকাল সাড়ে ১০টার দিকে তিনি যখন বের হন তখন নিহত দু’জন ছাড়াও মিলন বাসায় ছিলেন। ঘটনার পর রুবেল ও করিমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু ঘটনার পর থেকে মিলনের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে জানান উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার। ইত্তেফাককে তিনি বলেন, ফ্ল্যাট থেকে ৩ টি কম্পিউটার খোয়া গেছে। যেসব কম্পিউটার খোয়া গেছে তা খুব বেশি দামী নয়। সামান্য তিনটি ডেক্সটপ কম্পিউটারের জন্য দু’জনকে হত্যা করার বিষয়টি রহস্যজনক। এর পেছনে কি ধরনের কারণ থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক দু’টি টিম। পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।