হেফাজতে ইসলামের আমীর আল্ল¬ামা শাহ আহমদ শফী ঈমান-আক্বীদা ও ইসলামের জন্য শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুসলমানরা সুশৃঙ্খল জাতি। ইসলামে বিশৃঙ্খলা ও সন্ত্রাসের কোন স্থান নেই। তাই লক্ষ্য অর্জনে যে কোন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে হবে।
আল্লামা শফী আরো বলেন, সম্প্রতি অনেক ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা দেশের জন্য শহীদ হয়েছেন, ইসলাম ও ঈমানের হেফাজতের জন্য রক্ত দিয়েছেন। তারা কাউকে গদিতে বসানো বা নামানোর জন্য এ ত্যাগ স্বীকার করেননি। নাস্তিক্যবাদের বিরুদ্ধে এ জিহাদে তাদের অবদান ও ত্যাগ কখনো বৃথা যাবে না।
গতকাল শুক্রবার দারুল উলুম হাটহাজারী মাদরাসার দাওরায়ে হাদীস (স্নাতকোত্তর) সমাপনী বর্ষের বোখারী শরীফ এর শেষ ক্লাসের পর আখেরী মুনাজাত ও বিশেষ দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মাহফিলে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীর প্রতীক), স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ ইসলামী নেতৃবৃন্দ, ওলামা-মাশায়েখ, সরকারি-বেসরকারি কর্মকর্তারা যোগ দেন।
