বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত দ্বারা প্রভাবিত

আপডেট : ৩১ মে ২০১৩, ২২:৫১
বাংলাদেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি বড় আঞ্চলিক শক্তিধর দেশগুলো বিশেষ করে ভারতের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। গত কয়েক বছরে ইন্দো-বাংলাদেশ সম্পর্ক আন্তঃরাষ্ট্রীয় হুমকির পথ উন্মুক্ত করলেও বর্তমান সরকার সন্ত্রাসবাদ দমনে আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম ২০১২’ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে অভ্যন্তরীণ ও আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাস দমন এবং বাংলাদেশের মাটিকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে না দেয়ার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পূরণ এবং সন্ত্রাস দমনে আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের মধ্য ও দক্ষিণ এশিয়া অধ্যায়ে বাংলাদেশ অংশে আইন প্রণয়ন, আইনের প্রয়োগ ও সীমান্ত নিরাপত্তা, জঙ্গি অর্থায়ন রোধ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা এবং মৌলবাদ ও উগ্র সন্ত্রাসবাদ দমনসহ ২০১২ সালে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয় উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ মানিলন্ডারিং ও আর্থিক অপরাধসহ সন্ত্রাসীদের অর্থ সরবরাহের ব্যবস্থা রোধ করেছে। এতে আরো বলা হয়, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা উন্নত ও সমপ্রসারিত হয়েছে। সন্ত্রাসবাদ দমনে এ অঞ্চলের এক প্রভাবশালী অংশীদার বাংলাদেশ অভ্যন্তরীণ ও আন্ত:দেশীয় সন্ত্রাসী গোষ্ঠী এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ অব্যাহত রেখেছে। এতে আন্ত:দেশীয় সন্ত্রাসীদের বাংলাদেশে তত্পরতা চালানো বা এখানে নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করা কঠিন হয়ে পড়েছে। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে নাগরিক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক কর্তৃপক্ষকে নানা কর্মসূচির মাধ্যমে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ফৌজদারি আইনে সন্ত্রাসবাদ দমন অধ্যাদেশ, ২০০৯ পূর্ণাঙ্গভাবে প্রয়োগ করা হচ্ছে। যদিও সাধারণভাবে সন্ত্রাসবাদ ও অপরাধমূলক মামলার ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার অগ্রগতি অনেকটাই ধীর। বাংলাদেশের স্থল, নৌ ও বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করছে। যুক্তরাষ্ট্র ও অন্য সহযোগীদের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ ২০১২ সালে ন্যাশনাল একাডেমি ফর সিকিউরিটি ট্রেনিং প্রতিষ্ঠা করে সন্ত্রাসবাদ দমনে প্রশিক্ষণ ব্যবস্থা চালু করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, ২০১২ সালে বাংলাদেশ পারস্পরিক আইনি সহায়তা নামে একটি আইন প্রণয়ন করেছে, যা সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াবে। এ ছাড়া অপরাধের তদন্তের তথ্য বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ বেশ কয়েকটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, সহিংস সন্ত্রাস প্রতিরোধে বিশেষত তরুণদের ক্ষেত্রে সরকার কৌশলগত যোগাযোগ করছে। একই সঙ্গে মৌলবাদ ও উগ্র সন্ত্রাসবাদ দমনে শিক্ষা ও ধর্ম মন্ত্রণালয়ের নেয়া উদ্যোগের প্রশংসা করা হয়েছে এই প্রতিবেদনে।