মোহাম্মদ আশরাফুল, মাহবুবুল আলম রবিনের পর এবার স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে গেল বাংলাদেশের তিন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ রফিকের নাম। এই তিন ক্রিকেটারের নাম মোহাম্মদ আশরাফুলই আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) জানিয়েছেন বলে জানা গেছে।
এই কিংবদন্তিতুল্য সাবেক ক্রিকেটাররা অভিযুক্ত হওয়া মানেই যে তারা দোষী- তেমনটা আপাতত বিশ্বাস করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক বিবৃতিতে বলেছেন, তারা পুরো ব্যাপারটি নিয়ে আলাদা করে তদন্ত করবেন। আর তদন্তে যদি কেউ দোষী প্রমাণিত হন, তাহলে ছাড় দেয়া হবে না।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলমান তদন্তের এক পর্যায়েই দিল্লী পুলিশের একটি সূত্র দাবি করেছিল, তাদের গ্রেপ্তারকৃত বাজিকরদের একজনের সঙ্গে বাংলাদেশি এক শীর্ষ ক্রিকেটারের সম্পর্ক আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিং নিয়ে সেই আলোচনা শুরু। এরপর জানা গেল, আসলে বিপিএল নিয়ে মাসখানেক আগে থেকেই তদন্ত শুরু হয়েছে। আর সে তদন্তে ঢাকা গ্লাডিয়েটর্স দলের দুটি ম্যাচ সন্দেহের দৃষ্টিতে আছে।
এই দুটি ম্যাচেই ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে কাজ করা মোহাম্মদ আশরাফুল আছেন সন্দেহের শীর্ষে। আছেন দলের আরও এক ক্রিকেটার মাহবুবুল আলম এবং মালিক সেলিম চৌধুরীও। এবার আশরাফুলের জবানবন্দির বরাতে জানা গেল আকসু দেশের সাবেক তিন ক্রিকেটার পাইলট, সুজন ও রফিককে নিয়েও তদন্ত করছে।
বিসিবি সভাপতি জানিয়েছেন, তারা এখন আকসুর রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করছেন। ‘তিনি বলেন, গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে যেসব খবর আসছে, তা দেখছি। কিছু নাম এসেছে, তাও দেখেছি। সংবাদ মাধ্যমের এই সত্য বের করার চেষ্টাকে আমি প্রশংসা করি। তবে আমি কোনো প্রমাণ বা প্রতিবেদন ছাড়া মন্তব্য করার মতো অবস্থানে নেই। যেহেতু একটি তদন্ত চলমান, তাই তদন্ত প্রভাবিত হতে পারে, এমন কোনো মন্তব্য করতে পারি না।’
এদিকে জানা গেছে, আগামী সোমবার নাগাদ আকসুর রিপোর্ট হাতে পেতে পারে বিসিবি । এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পাপন বলেছেন, আকসুর রিপোর্ট পেয়ে তারা নিজেরাও একটি তদন্ত করতে পারেন।
আকসুর এই তদন্তের জের ধরেই এখন বিপিএল বন্ধের একটা দাবি উঠেছে। এই দাবিকে ‘অপরিণত’ বলে বিসিবি সভাপতি বিবৃতিতে বলেছেন, ‘নানা বিতর্কের কারণে বিপিএলের দোষ ধরা এখন সহজ হয়ে গেছে। অনেকে এখন এর ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন তুলছেন। আমি এটাকে অপরিণত প্রশ্নই বলবো। আমার মনে হয়, বিপিএল বাংলাদেশের একটি সম্পদ। এখানে কোনো দুর্বলতা থাকলে, সেটা কাটিয়ে ওঠাটাই আমাদের কাজ।’
