বৈচিত্র্যময় জেলা হবিগঞ্জ। হাওড়-বিল-পাহাড় শোভিত এই জেলায় মণিপুরী সম্প্রদায়, টিপরা ও খাসিয়াসহ বিভিন্ন উপজাতীয় জনগোষ্ঠীর লোকের বাস। কোন্ প্রেক্ষাপটে হবিগঞ্জসহ বৃহত্তর সিলেট অঞ্চলের খাসিয়া উপজাতি বসতি স্থাপন করে তার সঠিক কোন তথ্য পাওয়া যায় না। ঐতিহাসিকদের মতে, ৫/৬শ’ বছর পূর্বে খাসিয়ারা চীন কিংবা বার্মা (মিয়ানমার) হতে এ দেশে এসেছে। আবার কারো মতে সিলেট অঞ্চলের খাসিয়ারা আসাম হতে এসেছে।
খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে বাংলাদেশি ভূখণ্ডে এখনও প্রচুর খাসিয়া পরিবার বাস করে। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের আলীয়াছড়া এবং চুনারুঘাট উপজেলার বৈরাগী খাসিয়াপুঞ্জিতে প্রায় ১৫৫টি খাসিয়া পরিবার বাস করে। তন্মধ্যে ৫৯০ একর ব্যাপী আলীয়াছড়া খাসিয়াপুঞ্জিতে বসবাসকারী ১২৫টি পরিবারের লোকসংখ্যা ১৬/১৭শ’। প্রায় ২৫ বছর পূর্বে এই পুঞ্জিতে জনসংখ্যা দুই সহস্রাধিক ছিল। কালক্রমে এদের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। এর কারণ হিসাবে স্বার্থান্বেষী মহল কর্তৃক বিভিন্নভাবে খাসিয়াদেরকে হয়রানির কথা উল্লেখ্য করা যায়। খাসিয়াদের পুঞ্জি প্রধানকে মন্ত্রী বলা হয়। মন্ত্রীর মর্যাদা অনেকটা সামন্ত রাজাদের মতই। সাধারণ খাসিয়ারা তার অনুমতি ব্যতীত কোন গুরুত্বপূর্ণ কাজ করে না। বর্তমানে আলীয়াছড়া খাসিয়াপুঞ্জির মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন মিঃ উ-থেন। সাধারণত নিরীহ ও সরল প্রকৃতির খাসিয়ারা খ্রিস্টান মিশনারীদের প্রভাবে খ্রিস্টধর্ম গ্রহণ করেছে। কিছু হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীও আছে। তবে অধিকাংশই তাদের মূল ধর্মীয় অনুশাসন মেনে চলে। বৈরাগী খাসিয়াপুঞ্জিতে কয়েকটি মুসলিম খাসিয়া পরিবারও রয়েছে।
খাসিয়ারা জড়বস্তুর পূজা করে। তাদের ভাষা “খাসিয়া” তবে তারা বাংলা ভাষা বুঝতে ও বলতে পারে। ভাত, মাংস, মদ খাসিয়াদের প্রধান খাদ্য। চা ও ধূমপানে তারা অভ্যস্ত। পান-সুপারীকে পবিত্র উপাচার হিসাবে বিবেচনা করা হয়। অতিথি আপ্যায়নে ও মৃত ব্যক্তির সত্কারের পূর্বে পবিত্রতার প্রতীক হিসাবে মৃতদেহের পাশে পান-সুপারী রাখা হয়। খাসিয়ারা লুঙ্গী, প্যান্ট, শার্ট, দামী ব্লাউজ, চাদর পরিধান করে।
মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় খাসিয়া মেয়েরা সম্পত্তির মালিক হয়। মেয়েরা নিজ ইচ্ছামত পুরুষ সঙ্গী বাছাই করার সুযোগ পায়। তবে বর হিসাবে তারা নিজেদের চাইতে কম বয়সী খাসিয়া যুবকদের পছন্দ করে।
