সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এখনো কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি এরশাদের জাতীয় পার্টি (জাপা)। মহাজোটের সাথে থাকা এরশাদ খুলনায় একক প্রার্থী দেয়ায় স্থানীয় জাপা’র নেতা-কর্মীরা পড়েছেন চরম বিপাকে। তারা শওকত হোসেন হিরন , আহসান হাবিব কামাল না কি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিবেন তা নিয়ে কেন্দে র দিকে তাকিয়ে আছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিনিধি সভায় কোন সিদ্ধান্ত না হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন কর্মী-সমর্থকরা।
জেলা জাপা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল জানিয়েছেন, মহানগরীতে তাদের ২৫/৩০ হাজার ভোট রয়েছে। এখানকার নেতা-কর্মী ও সমর্থনকদের আগে জানানো হয়েছিল বৃহস্পতিবার প্রতিনিধি সভায় প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, মোস্তফা জামাল হায়দার ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি সিদ্ধান্ত জানাবেন। কিন্ু্ত ঐ সভায় কাজী জাফর আহমেদ বা মোস্তফা জামাল হায়দার উপস্থিত ছিলেন না। পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ,তার স্ত্রী সংসদ সদস্য নাছরিন জাহান রত্না আমিন ও প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপিসহ প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম উপস্থিত থাকলেও তারা সিটি নির্বাচনের বিষয়ে কোন সিদ্ধান্ত জানাননি।
৬০ বর্গকিলোমিটার মহানগরীর চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র এখন ভোটের গরম হাওয়া বইছে। এ মুহূর্তে রাজনৈতিক দল হিসাবে জাপা নেতা-কর্মীরা তাদের অবস্থান পরিষ্কার করতে না পারায় ক্ষুব্ধ। ভোটের সময় কর্মী- সমর্থকদের ঘরে বসিয়ে রাখাও দুষ্কর বলে নেতারা জানান। স্থানীয় নেতাদের মতে নির্বাচন বয়কট করা বা কোন প্রার্থীকে সিদ্ধান্ত না দিলেও কর্মীদের ধরে রাখা যায় না। ইতিমধ্যেই জাপার কয়েকজন নেতা-কর্মী নেমে পড়েছেন শওকত হোসেন হিরনের পক্ষে। সমর্থকরা মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের এলাকা ভিত্তিক কাজ করছেন। তবে স্থানীয় সিংহভাগ শীর্ষ নেতা এখনো চুপচাপ।
বিগত সিটি নির্বাচনে এরকম অবস্থানে ছিল জাপা। শেষ সময় এরশাদের পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছিল বিগত নির্বাচনে পরাজিত প্রার্থী বর্তমান প্রতিদ্বন্দ্বিতাকারী আহসান হাবিব কামালকে। কামালকে সমর্থন জানানোর আগেই জাপার বেশ কয়েকজন প্রভাবশালী নেতা তখন নেমে পড়েছিলেন হিরনের পক্ষে। এরশাদের ঘোষণার পর তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বরং ভোটের পর তারা এরশাদের জাপা ছেড়ে হিরনের হাত ধরে যোগ দেন আওয়ামী লীগে। স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মনে করছেন, জাপা শেষ পর্যন্ত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক খান মামুনের পক্ষ নিয়ে কাজ করতে পারেন। তবে এ ধারণার সাথে দ্বিমত পোষণ করে জাপা’র জেলা সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। তিনি ইত্তেফাককে জানান, কেন্দ সিদ্ধান্ত দিলে যে কোন প্রার্থীর জন্যই কাজ করতে স্থানীয় নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছেন।
পলাশপুরে হিরনের দিনভর গণসংযোগ
নগরীর পলাশপুরে ঘরে ঘরে গিয়ে দিনভর গণসংযোগ করেন সম্মিলিত নাগরিক কমিটি’র টেলিভিশন মার্কার মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন। এ সময় পলাশপুরের বৃদ্ধ-বৃদ্ধারা তাকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে হিরন গণসংযোগ শুরু করেন। তিনি প্রথমে নগরীর ব্যাপ্টিষ্ট মিশন সড়কের উলিয়ামপাড়া এলাকার খ্রিষ্টান সমপ্রদায়ের বাসিন্দাদের খোঁজ-খবর নেন এবং গণসংযোগ করেন। এ সময় তিনি পথসভায় বলেন, বিগত ৪ বছর ৭ মাসে এই নগরীতে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখেছি। আগামীতে মেয়র হলে আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, আমার কাছে মুসলিম, হিন্দু আর খ্রিস্টান সবাই সমান। আমি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করেছি। এ নির্বাচনে আমি আমার কাজের পুরস্কার চাই আপনাদের কাছ থেকে। সকাল ৯টায় শওকত হোসেন হিরন পলাশপুর ব্রিজ এলাকায় পৌঁছলে তাকে সেখানকার শত শত মানুষ স্বাগত জানায়। পরে ৫নং ওয়ার্ডের গুচ্ছ গ্রাম, জামাই বাজার, বৌ বাজার, ৭নং রজনীগন্ধা কলোনী, বেলতলা ও কাজীর গোরস্থান রোডে গণসংযোগ করেন তিনি। এ সময় হিরন বলেন, আগামীতে মেয়র হলে আমার প্রথম কাজ হবে পলাশপুরসহ নগরীর সবকটি কলোনীর (বস্তি) রাস্তা-ঘাটের উন্নয়ন করা।
পলাশপুর এলাকায় গণসংযোগকালে ৩/৪টি পথসভা করেন সম্মিলিত নাগরিক কমিটি’র প্রার্থী শওকত হোসেন হিরন। গণসংযোগ ও পৃথক পথসভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোহাম্মাদ ইউনুচ, সম্মিলিত নাগরিক কমিটির সদস্য সচিব মাহাবুব উদ্দিন (বীরবিক্রম), আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ হোসেন চৌধুরী, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু প্রমুখ।
