বাংলাদেশে সৌদি খেজুরের চারা উত্পাদনকারী আব্দুল মোতালেবকে একসময় এলাকার লোকজন ক্ষ্যাপাটে হিসেবে আখ্যায়িত করেছিলেন। তাদের ধারণা ছিল, এদেশের মাটিতে কি করে সৌদি খেজুরের চারা ফোটানো সম্ভব। কিন্তু ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের নূরুল ইসলামের পুত্র সৌদি প্রবাসী আব্দুল মোতালেব এদেশের মাটিতে সৌদি খেজুরের চারা ফুটিয়ে সে ধারণা পাল্টে দিয়েছেন। ৮ম শ্রেণী পর্যন্ত লেখা-পড়া জানা আব্দুল মোতালেব সৌদি আরবে ৩ বছর প্রবাস জীবন থেকে দেশে ফেরেন ২০০১ সালে। ওই সময় তিনি নিজ বাড়ির আঙ্গিনায় ১০ কাঠা জমিতে সৌদি খেজুরের বাগান শুরু করেন। ছেলের নামানুসারে বাগানের নাম রাখেন ‘মোফাজ্জল সৌদি খেজুরের বাগান’। আব্দুল মোতালেব জানান, সৌদি আরবে খেজুর বাগানে কাজ করার সময় দেশের মাটিতে খেজুর চাষের ইচ্ছা নিয়ে তিনি দেশে ফেরেন। সৌদি আরব থেকে দেশে আসার সময় ৩৫ কেজি খেজুরের বীজ নিয়ে আসেন। পরবর্তীতে মোতালেব ওই বীজ থেকেই ২৭৫টি চারা ফুটিয়ে খেজুর বাগান শুরু করেন। পরবর্তীতে তার খেজুর বাগানের পরিধি বৃদ্ধি পেয়ে ১০ কাঠা থেকে ২০ কাঠায় উত্তীর্ণ হয়। এ পর্যন্ত তার বাগান থেকে প্রায় দেড়শ’ কেজির মত সৌদি খেজুর উত্পন্ন হয়েছে। তবে ওই খেজুরের একটি পিসও তিনি বিক্রি করেননি। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও বাগান পরিদর্শনে আসা অতিথিদের তিনি ওই খেজুর দিয়ে আপ্যায়ন করেন। আপ্যায়িত ওই খেজুরের বীজ থেকে আবারও চারা উত্পাদন করেন। বর্তমানে তার বাগনে প্রায় ৭ হাজার খেজুরের চারা রয়েছে। প্রতিটি চারা বিক্রি হচ্ছে ৪শ’ থেকে ৬ হাজার টাকায়। দিনে দিনে খেজুরের চারার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। ফরিদপুর, নাটোর, পাবনা ও ঘাটাইলসহ দেশের বিভিন্ন এলাকায় ওই চারার প্রচুর চাহিদা রয়েছে। বর্তমানে তার বাগানে ৩৫টি ফলন্ত গাছ রয়েছে। ওই গাছগুলোতে ৪/৫ বছর যাবত্ খেজুর ধরছে। মাঘ মাসে খেজুরের বাধা বের হতে শুরু করে। এরপর বাধায় ফুল আসার পর প্রতিগাছে পরিমাণ মত কীটনাশক ও ভিটামিন জাতীয় ওষুধ প্রয়োগ করেন। পরবর্তীতে ৭-৮ মাস পর খেজুর বড় হয়ে গাছেই পাকতে শুরু করে এবং একপর্যায়ে তা খাওয়ার উপযোগী হয়।
