ময়মনসিংহের পাটগুদাম ব্রিজের মোড়ে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ট্রাক চাপায় ৬ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। গুরুতর ১০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি বেবিট্যাক্সি ও ১টি রিকশাকে চাপা দিয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ ২টি বাসের ওপর উল্টে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
শম্ভুগঞ্জ থেকে ছেড়ে আসা বালুভর্তি ট্রাক পাটগুদাম এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিকে চাপা দিলে ৬ জন নিহত হয় এবং ১৫ জন গুরুতর আহত হয়। তাত্ক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, নিহতদের ৪ জন সিএনজির যাত্রী, ১ জন পথচারী ও ১ জন পরিবহন শ্রমিক। ট্রাকটি শম্ভুগঞ্জ থেকে ময়মনসিংহ শহরে আসার সময় সিএনজি ও রিকশাকে চাপা দেয়। ফায়ার সার্ভিস, পুলিশ, পরিবহন শ্রমিক ও এলাকাবাসীর সহায়তায় হতাহতদের উদ্ধার করে। এসময় ময়মনসিংহের সঙ্গে ঢাকাসহ শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও উত্তরবঙ্গের যোগাযোগ ব্যাহত হয়।
