হরতাল কোন রাজনৈতিক কর্মসূচি নয় :নাসিম

আপডেট : ৩১ মে ২০১৩, ২২:৫৯
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিরোধী দলকে নৈরাজ্যের পথ পরিহার করে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেছেন, সংসদে এসে প্রাণবন্ত আলোচনা করুন। নানা অযুহাতে সংসদ ত্যাগ করলে আলোচনার এমন সুযোগ আর আসবে না। তিনি বলেন, হরতাল কোন রাজনৈতিক কর্মসূচি নয়। এটি জাতির কাছে একটি যন্ত্রণাদায়ক অস্ত্র। এই ধ্বংসাত্মক কর্মসূচির পথ পরিহার করার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান। বিএনপির গ্রেপ্তারকৃত এমপিদের মধ্যে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিন দিলে অসুবিধা কোথায় বলেও মন্তব্য করেন তিনি। গতকাল শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাসিম বলেন, সিটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সঙ্গে হেফাজতে ইসলাম যোগ হয়ে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। যা নির্বাচনী আইনের সম্পূর্ণ লঙ্ঘন। তিনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য সরকারের প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বানের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, আগামী তিন জুন সংসদ অধিবেশন। সেখানে এসে কথা বলুন। আপনাদের রূপরেখা সংসদে এসে বলুন। নাসিম বলেন, সিটি করপোরেশন নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীদের ১৪ দলের পক্ষ থেকে সমর্থন দেয়া হয়েছে। শরিক জাকের পার্টির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বৈঠকে এসে সিটি নির্বাচনে ১৪ দলের প্রার্থীদের সমর্থন জানিয়েছে বলে তিনি জানান। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, নূহ-উল আলম লেনিন, গণআজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, জাকের পার্টির মহাসচিব মুন্সি আব্দুল লতিফ, ন্যাপের এনামুল হক, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন প্রমুখ।