বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশে গিয়ে সভা সমাবেশ না করার শর্ত ভঙ্গ করেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, তারেক রহমান ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে চিকিত্সার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন। তিনি যাওয়ার সময় তিন বছর কোন ধরনের সভা সমাবেশ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গত কয়েকদিন আগে তিনি জামিনের সেই শর্ত ভঙ্গ করেছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইডিইবি’র ছাত্র সদস্য প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শর্ত ভঙ্গ করার কারণে তারেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে আদালত। তিনি আরো বলেন, জামিনের শর্তের মধ্যে ছিল তিনি ৩ বছরের মধ্যে কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না। এবং তার মামলার বিচারিক কাজ চলাকালীন সময়ে তার উপস্থিতি ও শারীরিক অবস্থা সম্পর্কে আইনজীবীর মাধ্যমে আদালতকে জানাতে হবে। এই তিন শর্তের একটিও তিনি পালন করেনি। সঙ্গত কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোন বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ গড়তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে এবং আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমানের উপস্থাপনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞা প্রমুখ।
