বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে হরতাল বন্ধ করার কোনো আইন নেই। আইন করে হরতাল বন্ধ করা যাবে না। তিনি বলেন, সরকার যখন অগণতান্ত্রিক আচরণ করে তখন জনগণ হরতাল-অবরোধ দিয়ে এর প্রতিবাদ জানায়। আর প্রতিবাদ করা জনগণের মৌলিক অধিকার।
‘হরতাল বন্ধে আইন করার চিন্তা করছে সরকার’-স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য সম্পর্কে গতকাল শুক্রবার সকালে উত্তরার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, তার (স্বরাষ্ট্রমন্ত্রী) কথায় রাজনৈতিক উত্তেজনা বেড়ে যায়। রাজনীতিতে মুচলেকা বলতে কোনো শব্দ নেই।
প্রসঙ্গত, বৃহস্পতিবার চট্রগ্রামে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আগামী তিন বছর রাজনীতি করবেন না এমন মুচলেকা নিয়ে তারেক রহমান জামিনে বিদেশে চিকিত্সা নিচ্ছেন। রাজনৈতিক বক্তব্য দিয়ে তিনি জামিনের শর্ত অমান্য করেছেন। অন্য আরেকটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হরতাল বন্ধে আইনের কথা ভাবছে সরকার।
মির্জা ফখরুল দাবি করেন, গত সাড়ে চার বছরে সরকার তারেক রহমানের একটি মামলাও প্রমাণ করতে পারেনি। তাদের মামলা দেয়ার একটাই উদ্দেশ্য, জিয়া পরিবারের সুনাম ও সম্মান নষ্ট করা। তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করতে সরকার সংলাপ নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছে। তত্ত্বাবধায়ক প্রসঙ্গ ছাড়া সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেব না। অংশ নেয়া তো দূরের কথা।
‘চমক আসছে, ওয়েট অ্যান্ড সি’
এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সরকার পরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, এসব করে কোনো লাভ হবে না। তত্ত্বাবধায়ক ছাড়া আমরা নির্বাচনে যাব না।
নির্বাচনের আগে তারেকের দেশে ফেরার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘ওয়েট অ্যান্ড সি। অনেক চমক আসছে। আরো চমক আসবে।’ সরকারকে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাহস থাকলে তারেককে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন।
সিটি নির্বাচনে বিএনপির সমর্থন প্রসঙ্গে ফখরুল বলেন, অরাজনৈতিক নির্বাচনে বিএনপির কোন হস্তক্ষেপ নেই। আমরা সিটিতে কোন প্রার্থী দেইনি। এ সময় আরো উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ড.ওসমান ফারুক প্রমুখ।
