বাবুনগরীর অবস্থার উন্নতি, কথা বলতে পারছেন

আপডেট : ৩১ মে ২০১৩, ২৩:০০
হেফাজতে ইসলামের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বাবুনগরীকে বারডেম হাসপাতালের সপ্তম তলার আইসিইউর ১নং বেডে রাখা হয়েছে। তিনি আইসিইউ বিভাগের প্রধান আরিফুল ইসলামের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন। তবে আইসিইউ’র কেউ বাবুনগরী বিষয়ে মুখ খুলতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন, বাবুনগরী আগের চেয়ে ভালো আছেন। এরআগে কিডনিজনিত সমস্যার কারণে বাবুনগরীকে ডায়ালাইসিস করা হয়। পায়ের ক্ষতচিহ্নের কারণে এমআরআই করানো হয়েছে। তাকে সব ধরনের মেডিক্যাল সাপোর্ট দেয়া হচ্ছে। হাসপাতালে বাবুনগরীর নিকটাত্মীয়ের মধ্যে রয়েছেন ছোটভাই মাওলানা জোবায়ের বাবুনগরী, বড় জামাতা মাওলানা আরশাদ হোসাইন, মাওলানা কুতুব, মাওলানা ফয়জুল করীম ও মাওলানা জুনায়েদ। তারা সবাই গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলছেন। তার বড় জামাতা মাওলানা আরশাদ হোসাইন বলেন, বাবার শারীরিক অবস্থা একটু ভালো। তিনি এখন মোটামুটি কথা বলতে পারছেন। গতকাল শুক্রবার সকালে আমরা দেখা করেছি, আমাদের সঙ্গে তিনি কথা বলেছেন। হাসপাতাল থেকে যে নাস্তা দিয়েছে তিনি সেটাই খেয়েছেন। বাবুনগরীর চিকিত্সা বিষয়ে জামাতা আরশাদ বলেন, আমরা আল্লামা শাহ আহমদ শফী হুজুরকে সন্মান করি। তিনি আমাদের অভিভাবক। তার দিকে তাকিয়ে আছি। বাবার উন্নত চিকিত্সার বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। তবে বাবুনগরীকে বাইরে পাঠিয়ে উন্নত চিকিত্সার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লামা শফী। আরশাদ বলেন, বাড়িতে আমার দাদি শাশুড়ি রয়েছেন। ছেলের চিন্তায় তিনি অসুস্থ হয়ে পড়ছেন। বাবুনগরীর পাঁচ মেয়ে এক ছেলে। মেয়েরা সবাই বিবাহিত। ছেলে সবার ছোট। তারা সবাই বাবাকে নিয়ে চিন্তিত। ১৮ দলের নেতাদের জড়িয়ে বাবুনগরী বক্তব্য দেননি: মওদুদ এদিকে গতকাল শুক্রবার সকালে বাবুনগরীকে দেখতে বারডেমে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এ সময় তিনি তার চিকিত্সার খোঁজ-খবর নেন। মওদুদ প্রায় আধা ঘন্টা কথা বলেন। সেখান থেকে বেরিয়ে মওদুদ বলেন, জুনায়েদ বাবুনগরী রিমান্ডে থাকা অবস্থায় তার বরাত দিয়ে ১৮ দলীয় জোট নেতাদের জড়িয়ে পুলিশ যে বক্তব্য দিয়েছে তা মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি জুনায়েদ বাবুনগরীর সঙ্গে কথা বলেছি। মওদুদ বলেন, তার অবস্থা মুমূর্ষু। রিমান্ডে নিয়ে তার ওপর চরম নির্যাতন চালানো হয়েছে। কিন্তু বিএনপি নেতাদের জড়িয়ে বাবুনগরী কিছুই বলেননি। মওদুদ আহমদ বলেন, সরকার যখন দেখলো তারা আর টিকে উঠতে পারছে না। তখন শেষ মুহূর্তে এসে তড়িঘড়ি করে জুনায়েদ বাবুনগরীকে জামিন দিয়েছে।