শ্রমিক ঘাটতি নিয়ে চলছে চট্টগ্রামের দুটি ইপিজেড

আপডেট : ৩১ মে ২০১৩, ২৩:০০
মোট চাহিদার ২০ শতাংশ শ্রমিক ঘাটতি নিয়েই চট্টগ্রামের দুটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) কারখানাগুলো চলছে। চট্টগ্রাম ইপিজেড (সিইপিজেড) ও কর্ণফুলী ইপিজেড (কেইপিজেড)-এর কয়েকটি দায়িত্বশীল সূত্র একথা ইত্তেফাককে জানিয়েছে। তারা জানান, ইপিজেডে শ্রমিক যোগানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া না হলে শ্রমিক সংকট অদূর ভবিষ্যতে আরো বেড়ে যাওয়ার আশংকা আছে। তাদের মতে, সামপ্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামে শ্রমিকদের আসা-যাওয়া কমে গেছে। এজন্য তারা ইপিজেডের আশপাশে শ্রমিকদের কম ভাড়ায় থাকার আবাসন বস্তি-ঘর কমে যাওয়া এবং বন্দর নগরী চট্টগ্রামের জীবন যাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেছেন। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) পরিচালিত দেশের ৮টি ইপিজেডের মধ্যে দুটিই চট্টগ্রামে রয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগে স্থাপিত চট্টগ্রামের দুটি ইপিজেডের কারখানাগুলোর মধ্যে বর্তমানে ২০৬টি কারখানা উত্পাদনে রয়েছে। এসব কারখানাগুলো প্রতিষ্ঠিত হয়েছে বেপজা আইন অনুযায়ী—দেশি-বিদেশি বিনিয়োগ, জয়েন ভেঞ্চার, কোনোটি পূর্ণাঙ্গ বিদেশি বিনিয়োগ আবার কোনোটি পূর্ণাঙ্গ দেশি বিনিয়োগে। শতভাগ রপ্তানিমুখী নীতিমালায় প্রতিষ্ঠিত চট্টগ্রামের ইপিজেডে এখনো ২০ শতাংশ শ্রমিক ঘাটতির বিষয়টি চট্টগ্রামের দুটি ইপিজেডের ক্ষেত্রে কারখানাগুলোর উত্পাদন প্রক্রিয়ার নেতিবাচক বলে যথাযথ কর্তৃপক্ষ মনে করছে। প্রায় ৩০ বছর আগে পতেঙ্গার কাছে দক্ষিণ হালিশহরে দেশের প্রথম ইপিজেড হিসাবে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম ইপিজেড। এই ইপিজেডটি ইতিমধ্যে বিনিয়োগ, কর্মসংস্থান ও পণ্য রপ্তানিতে পৃথিবীর অন্যান্য দেশের ইপিজেডগুলোর সাথে র্যাংকিং পেয়েছে। বর্তমানে এই ইপিজেডের উত্পাদনে থাকা ১৭১টি দেশি-বিদেশি ও জয়েন ভেঞ্চার কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা ১ লাখ ৮০ হাজার। তারপরও এখানে এখনো শ্রমিক ঘাটতি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। এছাড়া উত্তর পতেঙ্গায় ২০০৬ সালে ৫০ হাজার শ্রমিকের কর্মসংস্থানের লক্ষ্য-উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয় কর্ণফুলী ইপিজেড। এই ইপিজেডেও এখনো পর্যন্ত শ্রমিক সংকট রয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্রগুলো। তারা জানান, ২০ শতাংশ শ্রমিক ঘাটতি মেটাতে প্রতিটি কারখানা কর্তৃপক্ষই শ্রমিক নিয়োগের জন্য উদগ্রীব হয়ে আছে। বর্তমানে কর্ণফুলী ইপিজেডে উত্পাদনে থাকা ৩৫টি কারখানায় কর্মরত রয়েছে ৩৬ হাজার শ্রমিক। চট্টগ্রামস্থ বেপজার একটি দায়িত্বশীল সূত্র ইত্তেফাককে জানায়, আগে ইপিজেডের শ্রমিকরা মাইলের মাথা, কাটগড় ও সিমেন্ট ক্রসিং এলাকাসহ ইপিজেডের আশপাশে বস্তি বা সেমিপাকা টিনশেডের বাড়িতে অল্প ভাড়ায় থাকতে পারতো। কিন্তু গত বছরগুলোতে বস্তি এলাকাগুলোতে অ্যাপার্টমেন্ট ও দালানকোঠা নির্মাণ করা হয়েছে। ফলে স্বল্প আয়ের শ্রমিকরা এখানে আর থাকতে পারছে না। বেপজা সূত্রটি আরো জানায়, কর্ণফুলী ইপিজেডের কাছে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ৫২ কোটি টাকা খরচে ‘নর্দান এরিয়াস ডেপিকশন অব পোভার্টি ইনশিয়েটিভ (নারি)’ প্রকল্পের আওতায় শ্রমিকদের আবাসিক ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শেষ হলে ইপিজেডগুলো প্রশিক্ষিত শ্রমিক পেতে শুরু করবে বলে আশা করা যায়। সূত্রটি আরো জানায়, যদিও প্রকল্পটি দেশের উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত অঞ্চলের দরিদ্র শ্রমিকদের কর্মসংস্থানের জন্য নেয়া হয়েছে, কিন্তু এতে অন্যান্য জেলার দরিদ্র শ্রমিকদের সুযোগ দেয়ার বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করছে।