লন্ডনে জিয়ার শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে যাননি তারেক রহমান

আপডেট : ৩১ মে ২০১৩, ২৩:০০
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী অনুষ্ঠানে যাননি বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। কয়েকদিন আগে লন্ডনে প্রকাশ্যে সভা করার পর তিনি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন - এমনটাই প্রত্যাশা ছিল রাজনীতি সংশ্লিষ্টদের। দলের গুরুত্বপূর্ণ এমন একটি অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় হতাশ হয়েছেন যুক্তরাজ্য বিএনপি’র নেতাকর্মীরা। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দলের নেতারা মনে করছেন, এ ঘটনায় তারেক রহমান আবারো প্রকাশ্য রাজনীতি থেকে পিছু হটেছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে নিউহাম বিএনপি। পূর্ব লন্ডনের পাম ট্রি রেস্টুরেন্টের হলরুমে স্থানীয় সময় সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত যুক্তরাজ্য বিএনপি’র কোনো কমিটি না থাকায় যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ-সভাপতি শায়েস্তা চৌধুরি কুদ্দুসের নেতৃত্বে নিউহাম বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে তারেক রহমান যে সভায় উপস্থিত ছিলেন ঐ সভারও আয়োজক ছিল নিউহাম বিএনপি। সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর যুক্তরাজ্যে ছোট পরিসরে জিয়ার শাহাদত বার্ষিকী পালন করা হলেও এ বছর কিছুটা অন্যরকম উত্সাহ নিয়ে বড় পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেননা কিছুদিন আগে তারেক রহমান প্রকাশ্য সভায় যোগদানের পর পিতার মৃত্যুবার্ষিকীর এ অনুষ্ঠানে যোগ দেবেন এমনটাই ছিল সকলের ধারণা। তারেক রহমান উপস্থিত থাকবেন এমন খবরে যুক্তরাজ্য বিএনপি’র বিপুল নেতাকর্মী অনুষ্ঠানে হাজির হন। শায়েস্তা চৌধুরী কুদ্দুস এই প্রতিবেদককে বলেন, নেতাকর্মীরা চেয়েছিলেন তারেক রহমান এ অনুষ্ঠানে উপস্থিত থাকুক। কিন্তু না আসার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না কোনো কারণ নেই। বিএনপি’র সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান বলেন, আমাকে দাওয়াত দেয়া হয়েছে তাই আমি এসেছি। তারেক রহমানের আসার কথা ছিল কি ছিল না এটা আমার জানা নেই। এ সম্পর্কে অভিমত জানতে চাইলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ বলেন, যারা রাজনৈতিক চালবাজি করেন তারা কখন যে কোন ভেলকি ধরেন তা বলা কঠিন। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।