রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ১৮ দলীয় জোটের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই সমর্থন এবং মহাজোটের প্রার্থী খায়রুজ্জামান লিটনের ‘ধ্বংস’ কামনা করে একজন হেফাজত নেতার মোনাজাত করাকে কেন্দ্র করে স্থানীয় হেফাজতে ইসলাম দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটি অংশ ১৮ দলীয় জোটের এবং অপর অংশ মহাজোটের প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছে।
১৮ দলীয় জোটের পক্ষ নিয়েছেন হেফাজতের সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুস সামাদ এবং মহাজোট প্রার্থীর পক্ষে আছেন হেফাজতের মহানগর সভাপতি মাওলানা শেখ তৈবুর রহমান নিজামী। মাওলানা আব্দুস সামাদের সাথে আছেন সংগঠনের একটি ক্ষুদ্র অংশ। অপরদিকে, সভাপতির পাশে দাঁড়িয়েছেন সহ-সভাপতি মাওলানা জামালুদ্দীন মাহমুদ, সহকারী সেক্রেটারি মাওলানা নেক আহমদ ও কোষাধ্যক্ষ মুফতি আব্দুল জব্বার জেহাদীসহ স্থানীয় অধিকাংশ নেতৃবৃন্দ। তারা নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনের পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। সংগঠনের এই অংশটি মনে করছে, সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুস সামাদ জামায়াতের অনুসারী। এ কারণেই তিনি মোনাজাতের নামে খায়রুজ্জামান লিটনের ’ধ্বংস’ কামনা করেন। এই ঘটনাকে ‘গীবত’ হিসেবে দেখছেন তারা। এদিকে, আব্দুস সামাদের মোনাজাতের ভাষাকে ‘ইসলাম পরিপন্থি’ বলে উল্লেখ করে বিবৃতি দিয়েছেন রাজশাহী নগরীর ১৫ জন বিশিষ্ট আলেম।
তবে মাওলানা আব্দুস সামাদ এ প্রসঙ্গে বলেছেন, ‘সরকার হেফাজতের বিপক্ষে অবস্থান নেয়ায় আমি সরকার দলীয় মেয়র প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছি এবং বিপক্ষ প্রার্থীকে সমর্থন দিয়েছি।’ তার এই সমর্থন করা নিয়ে সংগঠনে যে বিভক্তি দেখা দিয়েছে সে বিষয়ে তিনি কোনো কথা বলেননি।
প্রসঙ্গত, গত মঙ্গল ও বুধবার ১৮ দলীয় জোটের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের সংবাদ সম্মেলনে আয়োজিত মোনাজাতে মহাজোটের প্রার্থী খায়রুজ্জামান লিটনকে ‘ইসলামের শত্রু’ আখ্যা দিয়ে তার ‘ধ্বংস’ ও পরাজয় কামনা করেন মাওলানা আব্দুস সামাদ। ওই সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইসলাম হেফাজতে ঐক্যবদ্ধ হোন’ নামের একটি পুস্তিকাও বিতরণ করা হয়। উভয় সংবাদ সম্মেলনে মোসাদ্দেক বুলবুল উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে রাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম বলেছেন, ‘হেফাজত নেতার আপত্তিকর মোনাজাত নিয়ে নির্বাচন কমিশনে দাখিলকৃত লিখিত অভিযোগের বিষয়ে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন। নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ প্রমাণিত হলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হবে।’
নিয়ম অনুযায়ী, নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত প্রার্থীর সর্বনিম্ন সাজা হিসেবে সতর্ক কিংবা জরিমানা এবং সর্বোচ্চ সাজা হিসেবে প্রার্থিতা বাতিল করার বিধান রয়েছে। তবে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে।
