চৌদ্দগ্রামে জামায়াত আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ

আপডেট : ৩১ মে ২০১৩, ২৩:০১
কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রলীগের এক নেতাকে শিবির কর্মীরা কুপিয়ে জখম করার জের ধরে জামায়াত-আওয়ামী লীগ-পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৪ পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এসময় দোকানপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২৮ রাউন্ড শর্টগান ও ৫ রাউন্ড পিস্তলের গুলিবর্ষণ করেছে। উপজেলার গুনবতী বাজার ও পার্শ্ববর্তী কর্তাম গ্রামে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ ১৬ জনকে আটক করেছে। এ ঘটনায় জনগণের মাঝে আতংক ছড়িয়ে পড়ে এবং ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানা গেছে, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ করে ওই এলাকায় আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এসময় প্রতিপক্ষের হাতে স্থানীয় আওয়ামী লীগ ও জামায়াতের কয়েকজন আহত হয়। এর জের ধরে বৃহস্পতিবার গুনবতী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিবির কর্মীরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত অবস্থায় হাসানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, ওই রাতে গুনবতী বাজারে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ এবং জামায়াত-শিবির কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। ত্রিমুখী সংঘর্ষে চৌদ্দগ্রাম থানা পুলিশের এএসআই শাহীন মিয়া, এএসআই জামান ভুঁইয়া, কনস্টেবল ইমরান ও কনস্টেবল পুষ্পপল মজুমদার এবং রাজু, রোমন, শাকি, হাসান, বাদশা, রুপম, কামাল, সাগর, সোহাগ, কাশেমসহ উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। সংঘর্ষের একপর্যায়ে গুনবতী বাজারে একটি মার্কেটে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে ওই মার্কেটের ৪টি ও পার্শ্ববর্তী আরও দুটি দোকানে আগুন দেয়া হলে মোট ৬টি দোকান ভস্মীভূত হয়। এসময় একটি মাইক্রোবাস ও একটি সিএনজি বেবি-টেক্সিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে জামায়াত-শিবির প্রাধান্যপুষ্ট কর্তাম গ্রামের ১৫টি বসতঘরে আগুন দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুমিল্লা থেকে বৃহস্পতিবার রাতে ৫ প্লাটুন অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়রা জানায়, রাতে ও সকালে ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের শব্দে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কুমিল্লার পুলিশ সুপারসহ জেলা পুলিশের এবং চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। শুক্রবার গুনবতী, কর্তাম, রাজভল্লবপুর, কুঞ্জশ্রীপুরসহ আশপাশের গ্রামগুলোতে আতংক এবং জামায়াত-শিবির ও আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, বর্তমানে ওই এলাকায় ২ প্লাটুন পুলিশ মোতায়েন রাখা হয়েছে।