পশ্চিমবঙ্গে গুপ্তযুগের বিপুলসংখ্যক স্বর্ণমুদ্রা উদ্ধার

আপডেট : ০১ জুন ২০১৩, ২০:৫১
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বিপুল সংখ্যায় প্রাচীন স্বর্ণমুদ্রা উদ্ধার হয়েছে শুক্রবার। পুরাতত্ত্ববিদদের ধারণা, সোনার মুদ্রাগুলো প্রায় দেড় হাজার বছরের পুরনো এবং গুপ্ত সাম্রাজ্যের তিন রাজা প্রথম চন্দ্র গুপ্ত, সমুদ্র গুপ্ত এবং দ্বিতীয় চন্দ্র গুপ্তের আমলের। বিপুল সংখ্যায় গুপ্ত সাম্রাজ্যের মুদ্রা পাওয়ায় পুরাতত্ত্ববিদরা মনে করছেন, ওই অঞ্চলে গুপ্ত যুগের কোন সমৃদ্ধ জনপদের খোঁজ পাওয়া যেতে পারে। তবে তার জন্য উত্খনন করতে হতে পারে। স্থানীয় সূত্রগুলো বলছে, মুর্শিদাবাদ জেলার সুতি এলাকার আহিরনে জাতীয় মহাসড়ক সম্প্রসারণের জন্য মাটি ফেলা হচ্ছিল কয়েকদিন ধরেই। বৃহস্পতিবার সেখান থেকেই দু-একটি স্বর্ণমুদ্রা খুঁজে পান স্থানীয় দু’জন কিশোর। খুব তাড়াতাড়ি খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শুক্রবার সকাল থেকেই কয়েকশ’ মানুষ ঐ জায়গায় সোনার মুদ্রা খুঁজতে নেমে পড়েন। মুর্শিদাবাদের পুলিশ প্রধান হুমায়ূন কবীর বলছেন, বেশ কিছু মুদ্রা ইতিমধ্যেই বেহাত হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। তবে বিকেলে জায়গাটি ঘিরে ফেলা হয়েছে যাতে নতুন করে সাধারণ মানুষ ওই ঢিবির কাছে যেতে না পারেন। একই সঙ্গে বেহাত হয়ে যাওয়া মুদ্রাগুলো উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। পুরাতত্ত্ব বিভাগের স্থানীয় আধিকারিকরা খবর পেয়ে সেখানে গিয়ে মুদ্রাগুলোর ছবি তুলে কলকাতায় রাজ্য পুরাতত্ত্ব বিভাগের সদর দপ্তরে পাঠান। সেসব ছবি দেখেই সিনিয়র পুরাতত্ত্ববিদরা নিশ্চিত হন যে মুদ্রাগুলো গুপ্ত যুগের।