যুক্তরাষ্ট্রে দু’টি ছোট প্রশিক্ষণ বিমানের মুখোমুখি সংঘর্ষে দুই বিমানের চার আরোহীর সবাই নিহত হয়েছে। শুক্রবার অ্যারিজোনার উত্তরাঞ্চলে মরু এলাকায় মধ্যআকাশে এই দুর্ঘটনা ঘটে। বিমান দু’টি ফিনিক্সের দু’টি বিমান চালনা স্কুল থেকে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনায় ভূমিতে থাকা কেউ হতাহত হয়নি। স্থানীয় সময় সকাল ১০.৩০ মিনিটে ডের ভ্যালি বিমানবন্দরের ১৫ মাইল পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে। ফিনিক্সের অগ্নিনির্বাপক বিভাগের ক্যাপ্টেন ল্যারি নানেজ জানান, ‘আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ পেয়েছি।’ তিনি আরো জানান, দু’টি বিমানের একটি বিস্ফোরিত হয় এবং সেটিতে আগুন ধরে যায়। ফিনিক্সে পুলিশ নিশ্চিত করেছে, বিমান দু’টি ফিনিক্সের মেট্রো এলাকার ট্রান্সপ্যাক অ্যাভিয়েশন অ্যাকাডেমি ও ওয়েস্ট উইন্ড স্কুল অব অ্যারোনটিকসের। বিমানটির একটি পাইপার আর্চার থ্রি এবং অপরটি সেসনা।
