চলনবিলের তিল চাষিরা বিপাকে

আপডেট : ০১ জুন ২০১৩, ২১:০৫
চলন বিল অধ্যুষিত সিংড়া ও তাড়াশ উপজেলার প্রায় ২০টি গ্রামে চাষ হয়েছে তিল। চাষের জমির পরিমাণ ১০০ একরের বেশি। এ বছর সরিষা চাষে কৃষক বাম্পার ফলন পাওয়ায় কৃষি ক্ষেত্রে তাদের আগ্রহটা অনেকাংশে বাড়ে। তাই বাড়তি ফসল হিসেবে তারা তিল চাষে ঝুঁকে পড়েন। বিগত কয়েক বছরে চলন বিলে এ বছরের মতো এত তিল চাষ আর কখনো দেখা যায়নি। এজন্য চলন বিলের প্রায় সকল কৃষকই তিল চাষ থেকে আশানুরূপ ফলন পাবেন বলে মনে করছেন। কিন্তু দুঃখের বিষয়, হঠাত্ এই তিল চারা গাছে নানান ধরনের পোকার আক্রমণ দেখা যাচ্ছে। এসব পোকা তিল গাছের কচিপাতা ও ডগা খেয়ে ফেলছে। এই পোকা দমনে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করার পরও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। বরং দিন দিন পোকার আক্রমণে ক্ষেতের পর ক্ষেত নষ্ট হচ্ছে। এতে এ অঞ্চলের তিল চাষিরা চরম বিপাকে পড়েছেন। এ অবস্থায় কৃষি মাঠকর্মীরা যদি মাঠ পর্যায়ে এসে কৃষকদের পরামর্শ দিতেন তাহলে তিল চাষিরা এই বিপাক থেকে কিছুটা হলেও মুক্তি পেতেন। পরিশেষে, চলন বিলের তিল চাষিদের হতাশা দূর করতে আশু ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দিলরুবা রিজওয়ান দিনা, আয়েশ, সিংড়া, নাটোর