সম্মাননা পাচ্ছেন ৯ গুণীজন, এক প্রতিষ্ঠান

আপডেট : ০১ জুন ২০১৩, ২১:০৮
বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংক ১৪তম বছরে পা রাখতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবছর নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৯জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে ব্যাংকটি। গতকাল শনিবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে মার্কেন্টাইল ব্যাংক চেয়ারম্যান এম আমানউল্লাহ বলেন, ১৯৯৯ সালের ২ জুন মার্কেন্টাইল ব্যাংক প্রতিষ্ঠার পর এবারই প্রথম ব্যাংকটি তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিলকে ছাড়াই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে। তিনি বলেন, বরাবরের মতো এবারো মার্কেন্টাইল ব্যাংক দেশের বেশ কয়েকজন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে যাচ্ছে। এবছর সম্মাননা পাচ্ছেন ড. এএম হারুন অর রশীদ (শিক্ষা), অধ্যাপক রশিদউদ্দিন আহমেদ (চিকিত্সা), ফিরোজা বেগম (সংস্কৃতি), লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক (মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা), ড. হুমায়ূন আহমেদ (মরণোত্তর, বাংলা ভাষা ও সাহিত্য), আনিসুর রহমান সিনহা (শিল্প ও বাণিজ্য), মাহফুজ আনাম (সাংবাদিকতা), নিশাত মজুমদার (ক্রীড়া), শ্রী কার্তিক চন্দ্র প্রামাণিক (কৃষি বিষয়ক গবেষণা ও উন্নয়ন) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিজ্ঞান ও প্রযুক্তি)। উল্লেখ্য, ২০০২ সাল থেকে নিয়মিতভাবে এধরনের সম্মাননা দিয়ে আসছে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিতব্য ব্যাংকটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিত থাকার কথা রয়েছে। গতকালের সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এহ্সানুল হক।