গ্রাহকদের উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে রাষ্ট্রীয় মালিকাধীন রুপালী ব্যাংক। ব্যাংকের সবধরনের কার্যক্রম কম্পিউটারাইজড পদ্ধতিতে চলছে। গ্রাহকরা পাচ্ছেন অনলাইন ও এটিএম সেবা। শহর থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে এসব সেবা কার্যকর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন বলেন, ব্যাংকের সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। যাতে অন্য ব্যাংকগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে রুপালী ব্যাংক।
বর্তমানে রুপালী ব্যাংকের ৫১৭টি শাখা রয়েছে। এরমধ্যে ৭২টি শাখায় অনলাইন ব্যাংকিং চালু আছে। শিগগিরই আরও ১২৯টি শাখায় অনলাইন ব্যাংকিং চালু হবে। বর্তমানে ব্যাংকের ৩১টি নিজস্ব এটিএম বুথ রয়েছে এবং আরও ৫০টি বুথ চালু করা হবে। জানা গেছে, গত এক বছরের তুলনায় চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে ডিপোজিট বেড়েছে ১৭ দশমিক ৮৭ শতাংশ। একইভাবে এ সময়ে লোনস এন্ড এডভান্স বৃদ্ধির পরিমাণ ১৮ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। শ্রেণিকৃত ঋণ আদায়ের পরিমাণ ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এসব কারণে পরিচালন মুনাফাও বেড়েছে।
